বিজেপিকে পরাজিত করতে ধর্মনিরপেক্ষ শক্তির ফ্রন্ট তৈরি করতে হবে : সীতারাম ইয়েচুরি
-
সীতারাম ইয়েচুরি
ভারতে সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, দেশ ও সংবিধান রক্ষা এবং জনগণের অধিকার রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার। এর জন্য বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া দরকার। আজ (শুক্রবার) হিন্দি গণমাধ্যম ‘অমর উজালা’ ওই তথ্য জানিয়েছে।
সীতারাম ইয়েচুরি বলেন, বিজেপিকে বিচ্ছিন্ন করে পরাজিত করতে হবে। সে জন্য যখনই নির্বাচন আসুক, তখনই ধর্মনিরপেক্ষ শক্তিকে নিয়ে সম্ভাব্য ব্যাপক ফ্রন্ট তৈরি করতে হবে। শ্রীনগরে দলীয় নেতা এমওয়াই তারিগামির বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।
তিনি বলেন, সিপিআই(এম) একটি যুক্তফ্রন্ট গঠনের চেষ্টা করবে যাতে বিজেপিকে ক্ষমতার বাইরে রাখা যায়। কারণ গেরুয়া দল দেশের সংবিধান ধ্বংস করতে এর অপব্যবহার করে। তিনি এ সময়ে সকল গণতান্ত্রিক শক্তিকে নিজেদের মতভেদ ত্যাগ করে দেশকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানান।
ইয়েচুরি বলেন, বিজেপি শাসনে দেশ অর্থনীতির সবচেয়ে খারাপ পতন দেখেছে। বেকারত্ব ইতিহাসে সবচেয়ে খারাপ। আমাদের ৫০ শতাংশেরও বেশি যুবক চাকরি খোঁজা বন্ধ করে দিয়েছে, কারণ তারা এটা করার কোনো মানেই দেখছে না। মানুষের ওপর অর্থনৈতিক হামলা, ক্ষুধা, বেকারত্ব, মূল্যস্ফীতি চরমে। এরমানে ভারতের পরিস্থিতি খুব দ্রুত অবনতির দিকে যাচ্ছে।
২০১৯ সালের ৫ আগস্ট, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের বিষয়ে, ইয়েচুরি দুঃখ প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে সিপিআই(এম)-এর আবেদনগুলোসহ অন্য আবেদনগুলোর শুনানি হচ্ছে না। সুপ্রিম কোর্ট পিটিশনগুলোর শুনানির জন্য যে সময় নিচ্ছে তাতে সরকার জম্মু-কাশ্মীরে বিভিন্ন আইন বাস্তবে প্রয়োগ করার জন্য সময় পাচ্ছে। এ কারণে ভূমি আইনে পরিবর্তন, সীমানা নির্ধারণ ইত্যাদি চলছে। সেজন্য আমরা সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করছি ওই বিষয়টি দ্রুত শুনানির জন্য।
ইয়েচুরি বলেন, সিপিআই(এম) বিশ্বাস করে জম্মু-কাশ্মীর দেশের একটি অংশ, তবে যে প্রতিশ্রুতি এবং আশ্বাসের ভিত্তিতে এটি ভারতে যোগদান করেছে তা ১০০ শতাংশ বাস্তবায়ন করা উচিত। তিনি বলেন, সরকার যে অসন্তোষ ও বিচ্ছিন্নতা সৃষ্টি করছে তা আমাদের দেশের স্বার্থে নয়। এটা সংশোধন করা প্রয়োজন।
‘কাশ্মীর ফাইলস’ সিনেমা সম্পর্কে সীতারাম ইয়েচুরি বলেন, বাস্তব পরিস্থিতি আরও খারাপ করার লক্ষ্যে ছবিটি মুক্তি দেওয়া হয়েছে। কেন তৎকালীন রাজ্যপালের ভূমিকা ছবিটিতে দেখানো হয়নি তা আমরা বুঝতে ব্যর্থ। তার ভূমিকাও তুলে ধরা উচিত ছিল বলেও সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।