উন্নাও, লখিমপুর, হাথরসে ‘সিবিআই’ তদন্ত হয় না, বেছে বেছে পশ্চিমবঙ্গে ‘সিবিআই’
https://parstoday.ir/bn/news/india-i105710-উন্নাও_লখিমপুর_হাথরসে_সিবিআই’_তদন্ত_হয়_না_বেছে_বেছে_পশ্চিমবঙ্গে_সিবিআই’
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সম্পাদক ও দলীয় মুখপাত্র কুণাল ঘোষ রামপুরহাটের সহিংস ঘটনায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’ তদন্ত প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বেছে বেছে পশ্চিমবঙ্গে ‘সিবিআই’ হয় বলে মন্তব্য করেছেন। তিনি আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৬, ২০২২ ১৪:০৮ Asia/Dhaka
  • ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সম্পাদক ও দলীয় মুখপাত্র কুণাল ঘোষ
    ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সম্পাদক ও দলীয় মুখপাত্র কুণাল ঘোষ

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সম্পাদক ও দলীয় মুখপাত্র কুণাল ঘোষ রামপুরহাটের সহিংস ঘটনায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’ তদন্ত প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বেছে বেছে পশ্চিমবঙ্গে ‘সিবিআই’ হয় বলে মন্তব্য করেছেন। তিনি আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন।

বিজেপিশাসিত উত্তর প্রদেশ ও অসমের বিভিন্ন সহিংস ও অপরাধমূলক ঘটনার ‘সিবিআই’ তদন্ত হয় না বলে মন্তব্য করেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, ‘উন্নাও,  হাথরস, লখিমপুর, অসমের ঘটনায় তো ‘সিবিআই’ হয় না?  ‘সিবিআই’ বেছে বেছে পশ্চিমবঙ্গে?  যেহেতু বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে বিজেপিকে; বিজেপির দম নেই,  মুরোদ নেই, মানুষের কাছে দাঁড়িয়ে জিততে পারে না। কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী এনে জিততে পারে না সেজন্য কিছু মৃতদেহ চাই, এবং তাই নিয়ে এক সূত্রে গাঁথা, বৃহত্তর ষড়যন্ত্রের একেকটা পাতা। চিত্রনাট্যের একেকটা অধ্যায়। যেটা নিয়ে সরকারকে ব্যতিব্যস্ত করার একটা চেষ্টা।’    

তিনি বলেন,  ‘আদালত ‘সিবিআই’ তদন্তের নির্দেশ দিয়েছে,  তদন্তকারীরা গিয়েছেন। এটাই স্বাভাবিক। রাজ্য প্রশাসন সবরকম সাহায্য করছে। কিন্তু সিঙ্গুরের তাপসী  মালিক, নেতাই-এর মত ঘটনায় মানুষ বিচার পায়নি। যদি দেখি বিজেপিকে আড়াল করার চেষ্টা হচ্ছে। তৃণমূলকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হেয় করার চেষ্টা হচ্ছে, তাহলে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব।’ 

‘আমরা দেখেছি, রামপুরহাটে যে ঘটনা ঘটেছে বা অন্যান্য যে ঘটনা ঘটেছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন’ বলেও মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।# 

    

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।