পশ্চিমবঙ্গ বিধানসভায় তুলকালাম
তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে হাতাহাতি, সাসপেন্ড ৫ বিজেপি বিধায়ক
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় অধিবেশন চলাকালীন তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে হাতাহাতিতে নাকে আঘাত পাওয়ায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অভিযোগ, তাকে ঘুসি মেরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ওই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিরোধী দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ, দীপক বর্মণ এবং নরহরি মাহাতোসহ মোট পাঁচ বিজেপি বিধায়ককে পরবর্তী বাজেট অধিবেশন পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে। আহত তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে কোলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাকের হাড় ভেঙে গেছে বলে জানা গেছে। আজ (সোমবার) বিধানসভা অধিবেশনের শুরুতে বিক্ষোভ শুরু করে গেরুয়া শিবির। রামপুরহাট সহিংসতা ইস্যুতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপির বিধায়করা। বাধা দিলে শাসকদল ও বিরোধী দলের বিধায়কদের মধ্যে হাতাহাতি শুরু হয় বলে অভিযোগ।
রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আজ গণমাধ্যমকে বলেন, এমন ঘটনা পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে নজিরবিহীন। তিনি বলেন, ‘এ রকম গুন্ডাবাজি করা বিরোধী দলনেতা আগে কোনও দিন দেখিনি। এই বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায় বিরোধী দলের নেতা ছিলেন। তথ্য দিয়ে সরকারের বক্তব্যের সমালোচনা করতেন। আরও অনেক বিরোধী দলনেতাকে আমরা দেখেছি। কিন্তু এ রকম অরাজকতা সৃষ্টিকারী বিরোধী দলনেতা দেখিনি কখনও।’
অন্যদিকে, বিরোধী দলনেতার দাবি, অধিবেশনের শুরুতে তিনি অন্য আলোচনা মুলতুবি করে রামপুরহাট হত্যাকাণ্ড এবং রোববার বসিরহাটে নাবালিকা ধর্ষণের ঘটনার উল্লেখ করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার দাবি তুলেছিলেন। অধিবেশন চালাকালীন কেন রাজ্য সরকার বিধানসভায় কোনও বিবৃতি না দিয়ে বাইরে বিশেষ তদন্ত টিম বা ‘সিট’ গঠন এবং ক্ষতিপূরণের ঘোষণা করছে, সে প্রশ্নও তোলেন তিনি।
শুভেন্দু অধিকারীর দাবি, ‘প্রতিবাদে আমরা ৩০ মিনিট বিক্ষোভ করব বলেছিলাম। কিন্তু তার আগেই আমাদের উপর হামলা চালানো হয়। স্পিকারের সামনে পুলিশের নিরাপত্তাকর্মীরা আমাদের উপর হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন বিরোধীদলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। #
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২8
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।