বিজেপি বাংলাকে ভালোবাসে না, জনগণের সঙ্গে ওদের সম্পর্ক নেই : মমতা
-
মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘দিল্লিতে এমন সরকার আছে বছরে ১০ বার পেট্রোলের দাম বাড়াচ্ছে, ডিজেলের দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে, কেরোসিনের দাম বাড়াচ্ছে, চা বাগান বন্ধ করে দিচ্ছে।’ তিনি আজ (মঙ্গলবার) দার্জিলিংয়ে এক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
মমতা বিজেপিকে টার্গেট করে বলেন, ‘ওরা নিজেরাই আগুন জ্বালায় এবং ওরাই বদনাম করে। বাংলার সঙ্গে ওদের কোনও ভালোবাসা নেই। জনগণের সঙ্গে ওদের কোনও সম্পর্ক নেই, কোনও ভালোবাসা নেই। কেবলমাত্র একটাই কাজ, আগুন জ্বালিয়ে দিয়ে সন্ত্রাস, সন্ত্রাস বলে বাংলার বদনাম করা। বিজেপিশাসিত রাজ্যগুলোতে তাদের বদনাম সবচেয়ে বেশি। জিজ্ঞেস করুন, কী বাবুরা, একমাস হয়নি উত্তর প্রদেশে নির্বাচনে জিতেছে, জেতার পর পাঁচ দিনে পাঁচ দফায় পেট্রোলের দাম বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়িয়েছে, গৃহস্থালি কাজে ব্যবহৃত গ্যাসের দাম বাড়িয়েছে। মুদ্রাস্ফীতি এতটাই বেড়েছে লোকেরা কী খাবে, বিজেপি খাবে?’
তিনি বিজেপিকে টার্গেট করে বলেন, ‘যখন নির্বাচন আসে তখন একটা রাজনৈতিক দল দার্জিলিংকে উল্টোপাল্টা বুঝিয়ে সমস্ত ভোট নিয়ে চলে যায়, এরপরে ২০ বছর, ১৫ বছর ১০ বছর তাদের আর খোঁজ থাকে না। এজন্য আপনাদের দিল্লির প্রয়োজন নেই। আপনাদের ‘দিল্লি কা লাড্ডু’র দরকার নেই। আপনাদের দার্জিলিং, কার্শিয়াং, মিরিকের, কালিম্পংয়ের লাড্ডু প্রয়োজন’ বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিকে, তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সমস্ত বিরোধী নেতা-নেত্রী ও অবিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানিয়ে চিঠি লিখেছেন।
ওই চিঠির বিষয়ে লোকসভায় কংগ্রেসের দলনেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আজ কটাক্ষ করে বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা কখনও বলেন, আমাদের সবাইকে বিজেপি’র বিরুদ্ধে একজোট হতে হবে। আবার কখনও বলেন, বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে একজোট হতে হবে। কখনও কখনও তার মুখে শোনা গেছে, কংগ্রেসকে খতম করতে হবে। তার বক্তব্য সবসময় বদলে যায়। তাই তাকে বিশ্বাস বা অবিশ্বাস কিছুই করছি না।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কেন্দ্রীয় বিজেপি সরকার কেন্দ্রীয় এজেন্সি ও বিচারব্যবস্থাকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করতে চাচ্ছে, দেশের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করতে চাচ্ছে। এ সবের সম্মিলিত প্রতিবাদের লক্ষ্যে বিরোধীদের একসঙ্গে বৈঠকে বসার আহ্বান জানিয়ে বিরোধী নেতা-নেত্রীদের চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। #
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।