'রামপুরহাটের ঘটনায় বিজেপির নিজেস্ব রিপোর্ট সিবিআই তদন্তকে প্রভাবিত করবে'
https://parstoday.ir/bn/news/india-i105900-'রামপুরহাটের_ঘটনায়_বিজেপির_নিজেস্ব_রিপোর্ট_সিবিআই_তদন্তকে_প্রভাবিত_করবে'
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, রামপুরহাটের ঘটনায় বিজেপির নিজেস্ব রিপোর্ট সিবিআই তদন্তকে প্রভাবিত করবে ও দুর্বল করবে। তিনি আজ (বুধবার) দার্জিলিংয়ে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ৩০, ২০২২ ১৩:০৩ Asia/Dhaka
  • 'রামপুরহাটের ঘটনায় বিজেপির নিজেস্ব রিপোর্ট সিবিআই তদন্তকে প্রভাবিত করবে'

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, রামপুরহাটের ঘটনায় বিজেপির নিজেস্ব রিপোর্ট সিবিআই তদন্তকে প্রভাবিত করবে ও দুর্বল করবে। তিনি আজ (বুধবার) দার্জিলিংয়ে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

মুখ্যমন্ত্রী আজ বলেন, ‘আমরা কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’কে পূর্ণ সহযোগিতা করছি। কিন্তু এ ব্যাপারে আমার একটা পর্যবেক্ষণ আছে। তদন্ত যখন চলছে, তখন এই সমস্ত রিপোর্ট তদন্তকে প্রভাবিত করবে। তদন্তকে দুর্বল করবে। রাজনৈতিক কারণে তদন্তকে অপব্যবহার করবে। আমি এ ধরনের মনোভাবের তীব্র নিন্দা করছি। সরকারকে অবশ্যই দেখতে হবে যে, ক্ষমতার এমন অপব্যবহার তদন্তকে ভুল পথে চালিত করবে। মানুষ তদন্তকারী সংস্থার উপর বিশ্বাস হারাবেন।’ 

গত ২১ মার্চ রাতে বোমা হামলায় পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বগটুই গ্রামে রামপুরহাট-১ নম্বর ব্লকের বড়শাল পঞ্চায়েতের উপ-প্রধান ও তৃণমূল নেতা ভাদু শেখ নিহত হন। ওই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার কমপক্ষে ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরফলে ভয়াবহ ওই সহিংসতায় শিশু ও নারীসহ কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়। ওই ইস্যুতে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকার বিরোধীদের তীব্র চাপের মুখে পড়েছে। সংসদেও এ নিয়ে সোচ্চার হয়েছেন বিরোধী দলীয় এমপিরা। রাজ্য বিধানসভাতেও ওই ইস্যুতে তোলপাড় সৃষ্টি হয়েছে। গত ২৫ মার্চ কোলকাতা হাইকোর্টের নির্দেশে ওই ঘটনার কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’তদন্ত শুরু হয়েছে।

আজ (বুধবার) দিল্লিতে জেপি নড্ডার বাসভবনে গিয়ে কমিটির পাঁচ সদস্য তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন।

অন্যদিকে, রামপুরহাটের বগটুইয়ের ঘটনা জানার পরে গত ২২ মার্চ   বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা পাঁচ সদস্যের একটি সত্যান্বেষী কমিটি তৈরি করে দেন। আজ (বুধবার) দিল্লিতে জেপি নড্ডার বাসভবনে গিয়ে কমিটির পাঁচ সদস্য সেই তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন। বিজেপি সূত্রে খবর, ২৩ পাতার ওই রিপোর্টে বীরভূম জেলার রামপুরহাটে তৃণমূল নেতাদের মধ্যে তোলাবাজি ও সিন্ডিকেটের টাকা নিয়ে নানা গোলমাল চলছিল বলে দাবি করা হয়েছে। এ ছাড়া ভাদু শেখ নিহত হওয়ার পিছনেও রয়েছে টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘সিবিআই’তদন্ত চলাকালীন এ ধরণের দলীয় তদন্ত রিপোর্ট মূল তদন্তকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করে এর তীব্র সমালোচনায় সোচ্চার হয়েছেন। 

 পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।