যারা মস্কোর ওপর নিষেধাজ্ঞা মানে না, তারা পরিণতি ভোগ করবে: মার্কিন উপদেষ্টা
https://parstoday.ir/bn/news/india-i106000-যারা_মস্কোর_ওপর_নিষেধাজ্ঞা_মানে_না_তারা_পরিণতি_ভোগ_করবে_মার্কিন_উপদেষ্টা
আমেরিকার অর্থনীতিবিষয়ক উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দলীপ সিং বলেছেন, যেসব দেশ রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করবে তারা পরিণতি ভোগ করবে। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ০১, ২০২২ ১৪:১৮ Asia/Dhaka
  • ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে দলীপ সিং
    ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে দলীপ সিং

আমেরিকার অর্থনীতিবিষয়ক উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দলীপ সিং বলেছেন, যেসব দেশ রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করবে তারা পরিণতি ভোগ করবে। 

গত বুধবার দু’দিনের জন্য ভারত সফরে আসেন দলীপ সিং। বৃহস্পতিবার তিনি ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা এবং অন্য প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে বসেন।

আজ (শুক্রবার) হিন্দি গণমাধ্যম ‘দৈনিক ভাস্কর’ সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার একটি মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, কেউ বিশ্বাস করবে না যে চীন যদি ‘এলএসি’ লঙ্ঘন করে, তাহলে রাশিয়া ভারতের সাহায্যে ছুটে আসবে।  

মার্কিন ডেপুটি ‘এনএসএ’ বলেছেন, রাশিয়ার কাছ থেকে ভারতের জ্বালানি কেনা বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞার লঙ্ঘন নয়, তবে আমরা চাই রাশিয়ার উপর নির্ভরতা কম করুক ভারত। রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তুতিতে মূল ভূমিকা পালনকারী দলীপ সিং বুধবার দু’দিনের সফরে নয়াদিল্লিতে আসেন। 

রাশিয়ার কাছ থেকে সাশ্রয়ী মূল্যে তেল কেনার ভারতের সিদ্ধান্ত সম্পর্কে জিজ্ঞেস করা হলে দলীপ সিং বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের শক্তি এবং প্রতিরক্ষা সরঞ্জামের চাহিদা মেটাতে প্রস্তুত। কোয়াড সহযোগিতার কথা উল্লেখ করে, দলীপ সিং বলেন, গোষ্ঠীটি স্বীকার করে যে চীন একটি মুক্ত, উন্মুক্ত এবং নিরাপদ ইন্দো-প্যাসিফিকের জন্য একটি কৌশলগত হুমকি।

তিনি বলেন, চীন ও রাশিয়া যে সীমাহীন অংশীদারিত্ব ঘোষণা করেছে, সেই বাস্তবতা থেকে আপনি মুখ ফিরিয়ে নিতে পারবেন না। একইসঙ্গে রাশিয়া বলেছে, চীন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার।

মার্কিন এ উপদেষ্টা বলেন, এই সমস্ত কিছুর প্রভাব ভারতের উপর পড়বে নিশ্চিত। চীনের সঙ্গে এই সম্পর্কের জুনিয়র পার্টনার হতে চলেছে রাশিয়া। রাশিয়া ও চীনের সম্পর্ক ভারতের বিরুদ্ধে প্রমাণিত হবে। আমি মনে করি না যে কেউ বিশ্বাস করবে যে চীন যদি আবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) লঙ্ঘন করে, রাশিয়া ভারতের প্রতিরক্ষায় ছুটে আসবে। এ জন্য আমরা চাই সারা বিশ্বের গণতন্ত্র, এবং বিশেষ করে কোয়াড দেশ একত্রিত হোক এবং ইউক্রেনে আমাদের সাধারণ স্বার্থকে শীর্ষে রাখুক। রুশ হামলার প্রভাব নিয়ন্ত্রণ করা না গেলে তা খুবই মারাত্মক হবে বলেও মন্তব্য করেন আমেরিকার উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দলীপ সিং।#     

পার্সটুডে/এমএএইচ/এআর/১