'মসজিদের লাউডস্পিকার বন্ধ না হলে জোরালো আওয়াজে ‘হনুমান চালিসা’ বাজানো হবে'
https://parstoday.ir/bn/news/india-i106082-'মসজিদের_লাউডস্পিকার_বন্ধ_না_হলে_জোরালো_আওয়াজে_হনুমান_চালিসা’_বাজানো_হবে'
ভারতে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) সভাপতি রাজ ঠাকরে মসজিদের লাউডস্পিকার বন্ধ করার জন্য হুঁশিয়ারি দিয়েছেন। অবিলম্বে এটা না করা হলে তিনি উচ্চ আওয়াজে হনুমান চালিসা বাজবেন বলে জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৩, ২০২২ ১১:৪৫ Asia/Dhaka
  • 'মসজিদের লাউডস্পিকার বন্ধ না হলে জোরালো আওয়াজে ‘হনুমান চালিসা’ বাজানো হবে'

ভারতে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) সভাপতি রাজ ঠাকরে মসজিদের লাউডস্পিকার বন্ধ করার জন্য হুঁশিয়ারি দিয়েছেন। অবিলম্বে এটা না করা হলে তিনি উচ্চ আওয়াজে হনুমান চালিসা বাজবেন বলে জানিয়েছেন।

আজ (রোববার) বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেল ‘আজতক’-এর  ওয়েবসাইটে প্রকাশ, গতকাল (শনিবার) মুম্বাইয়ের শিবাজী পার্কে কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে রাজ ঠাকরে বলেন, ‘মসজিদে লাউডস্পিকার এত জোরে বাজানো হয় কেন? বন্ধ না হলে মসজিদের বাইরে স্পিকারে উচ্চস্বরে ‘হনুমান চালিসা’ বাজানো হবে। ঠাকরে আরও বলেন, তিনি কোনও নির্দিষ্ট ধর্মের প্রার্থনার বিরুদ্ধে নন, তবে তিনি কেবল তার ধর্ম নিয়ে গর্বিত। রাজ ঠাকরের এই বক্তব্য এমন সময়ে এল যখন মুসলিমদের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচিত রমজান চলছে। 

মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান এনসিপি প্রধান শারদ পাওয়ারকেও আক্রমণ করেছেন এবং তার বিরুদ্ধে পর্যায়ক্রমে জাতপাতের ইস্যু উত্থাপন এবং সমাজকে বিভক্ত করার অভিযোগ করেছেন। রাজ ঠাকরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং তার চাচাতো ভাই উদ্ধব ঠাকরেকেও কটাক্ষ করেন, যার দল শিবসেনা ২০১৯ সালে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে বিজেপি থেকে বিচ্ছিন্ন হয়েছিল। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন যে দেবেন্দ্র ফড়নবিস পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। 

মুসলিম এলাকায় অভিযান চালাতে হবে 

রাজ ঠাকরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে মুম্বাইয়ের মুসলিম এলাকায় মসজিদে অভিযান চালানোর আবেদন করেন। রাজ ঠাকরে বলেন, 'আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে মুসলিম বস্তিতে মাদ্রাসায় অভিযান  চালানোর আবেদন করছি। এসব কুঁড়েঘরে বাস করছেন পাকিস্তানি সমর্থকরা। মুম্বই পুলিশ জানে সেখানে কী ঘটছে, আমাদের বিধায়করা তাদের ভোট-ব্যাঙ্কের জন্য ব্যবহার করছেন। এ সব লোকদের কাছে আধার কার্ডও নেই, কিন্তু বিধায়করা তাদের আধার কার্ড তৈরি করাচ্ছেন। 

রাজ ঠাকরে এনসিপি প্রধান শরদ পাওয়ারকে টার্গেট করে বলেন, শরদ পাওয়ার ১৯৯৯ সালে এনসিপি গঠন করেছিলেন। এরপর থেকে রাজ্যে জাতপাতের ঘটনা বেড়েছে। তিনি বলেন, শরদ পাওয়ার সবসময় জাতপাতের ভিত্তিতে রাজনীতি করেছেন এবং মানুষের মধ্যে বিভাজন তৈরি করেছেন।   

রাজ ঠাকরে দলীয় কর্মীদের উদ্দেশে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপির ফায়ারব্রান্ড নেতা যোগী আদিত্যনাথের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তিনি বলেন, 'উত্তর প্রদেশ এগিয়ে যাচ্ছে দেখে আমি খুশি। আমরা মহারাষ্ট্রেও একই রকম উন্নয়ন চাই। 

হিন্দি গণমাধ্যম ‘এনডিটিভি’ সূত্রে প্রকাশ, এরআগে শব্দ দূষণের অভিযোগ করে মুম্বাই বিজেপি লাউডস্পিকার থেকে আযান দেওয়া নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। মুম্বাই বিজেপির সভাপতি ও বিধায়ক মঙ্গলপ্রভাত লোধা ওই বিষয়ে মুম্বাইয়ের পুলিশ কমিশনার সঞ্জয় পান্ডের সাথে দেখা করে একটি স্মারকলিপি জমা দিয়েছিলেন। বিজেপি সেসময়ে বলেছিল, শব্দ দূষণ বন্ধ করতে মুম্বাই পুলিশ উদযাপনের আয়োজন করছে, কিন্তু মুম্বাইবাসীরা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এর একটি গুরুত্বপূর্ণ কারণ মসজিদের লাউডস্পিকার থেকে দেওয়া আযান। লাউডস্পিকার থেকে আযানের সময় উচ্চ শব্দের কারণে শব্দদূষণ বাড়ছে বলেও দাবি করেছিল হিন্দুত্ববাদী বিজেপি।#        

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/০৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।