মসজিদে লাউডস্পিকার বিতর্ক:
বিনামূল্যে লাউডস্পিকার দেওয়ার ঘোষণা বিজেপি নেতার
ভারতে মহারাষ্ট্রের বিজেপি নেতা মোহিত কাম্বোজ বিনামূল্যে লাউডস্পিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
আজ (মঙ্গলবার) এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে প্রকাশ, মোহিত কাম্বোজ অন্যতম ধনী রাজনীতিবিদ, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক টুইট বার্তায় বলেছেন, ‘যে কেউ মন্দিরে লাউডস্পিকার স্থাপন করতে চাইলে তিনি আমাদের কাছে বিনামূল্যে চাইতে পারেন। সমস্ত হিন্দুদের এক আওয়াজ হওয়া উচিত! জয় শ্রী রাম! হর হর মহাদেব!’
ওই প্রস্তাব এমন সময়ে দেওয়া হয়েছে যখন হিন্দুত্ববাদী ‘বিজেপি’ এবং রাজ ঠাকরের নেতৃত্বাধীন ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’ (এমএনএস) মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে। ওই দাবির কারণে মহারাষ্ট্রের অনেক জায়গায় ‘এমএনএস’ নেতারা লাউডস্পিকারে ‘হনুমান চালিসা’ও বাজিয়েছেন। সম্প্রতি ‘এমএনএস’ প্রধান রাজ ঠাকরে মসজিদে লাউডস্পিকার বন্ধ করার দাবি জানিয়েছিলেন। গত (শনিবার) রাজ ঠাকরে এক সমাবেশে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যদি মসজিদ থেকে লাউডস্পিকার না সরানো হয় তাহলে মসজিদের বাইরে তিনি উচ্চস্বরে ‘হনুমান চালিসা’ বাজাবেন। এরপর বিভিন্ন জায়গায় লাউডস্পিকারে হনুমান চালিসা বাজিয়েছেন তার দলের নেতারা।
এরআগে মুম্বই বিজেপিও মসজিদ থেকে লাউডস্পিকার সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল। এবার ‘এমএনএস’ প্রধান রাজ ঠাকরের ওই দাবিকে স্বাগত জানিয়েছে বিজেপিও। বিজেপি নেতা মোহিত কাম্বোজ বলেছেন, যে হনুমান চালিসা বাজবে, তাকে তিনি লাউডস্পিকার দেবেন। বিশ্লেষকরা বলছেন, মহারাষ্ট্রে শীঘ্রই ‘বিএমসি’ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং তার ঠিক আগে বিজেপি এবং এমএনএস-এর পক্ষ থেকে হিন্দুত্ববাদী কার্ড খেলা হচ্ছে। এই দুই দলই শিবসেনাকে ঘিরে ফেলতে চাচ্ছে। আসলে, মসজিদের বাইরে লাউডস্পিকার না বসানোর দাবিটি মূলত করেছিলেন প্রয়াত শিবসেনা প্রধান বাল ঠাকরে।
এ প্রসঙ্গে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল বলেন, সমাজে বিভাজন সৃষ্টির জন্য এ ধরনের বক্তব্য দেয়া হচ্ছে। তিনি বলেন, ‘কল্যাণ, শিক্ষা ও উন্নয়নের কথা না ভেবে দুই সম্প্রদায়ের মধ্যে বিরোধ সৃষ্টি করে দেশের রাজনীতিকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। এটা দেশকে দুর্বল করে দিতে পারে, এরপর আমরা সম্প্রীতিতে থাকতে পারব না।’
তিনি বলেন, পুলিশ এ ধরনের বক্তব্যের তদন্ত করবে। কিছু লোক আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আদালতের নির্দেশের পর আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব বলেও তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/০৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।