পশ্চিমবঙ্গে রাম নবমী পালনে অস্ত্র হাতে মিছিল বিশ্বহিন্দু পরিষদ-বিজেপির
https://parstoday.ir/bn/news/india-i106436-পশ্চিমবঙ্গে_রাম_নবমী_পালনে_অস্ত্র_হাতে_মিছিল_বিশ্বহিন্দু_পরিষদ_বিজেপির
ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রাম নবমী উৎসব পালনের সময় হিন্দুত্ববাদীরা অস্ত্র হাতে নিয়ে মিছিল করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১০, ২০২২ ১৪:১০ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে রাম নবমী পালনে অস্ত্র হাতে মিছিল বিশ্বহিন্দু পরিষদ-বিজেপির

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রাম নবমী উৎসব পালনের সময় হিন্দুত্ববাদীরা অস্ত্র হাতে নিয়ে মিছিল করেছে।

আজ (রোববার) পশ্চিমবঙ্গের মালদহের চাঁচলে বিশ্বহিন্দু পরিষদের পক্ষ থেকে আয়োজিত রাম নবমীর শোভাযাত্রার মধ্যে তলোয়ার নিয়ে মিছিল করে সংগঠনটির কর্মী-সমর্থকরা। আজ চাঁচল শহরের ওই মিছিলে বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকদের ‘জয় শ্রী রাম’ স্লোগানের মধ্যে বেশ কিছু মানুষজন উন্মুক্ত তলোয়ার হাতে নিয়ে দাপাদাপিসহ নৃত্য করেন।      

অন্যদিকে, মেদিনীপুরের খাইরুল্লা চক থেকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরকারের সমালোচনা করেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। আজ রামনবমী উপলক্ষে মেদিনীপুরে যান হিরণ। সেখানে শোভাযাত্রা করে এলাকায় ঘোরেন বিধায়ক হিরণ। এরপর মন্দিরে এসে পদযাত্রা শেষ করেন তিনি। সেখানেই বিধায়কের হাতে তুলে দেওয়া হয় অস্ত্র। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হলে বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় তাঁর সাফাইতে বলেন, ‘এই অস্ত্র আক্রমণের জন্য নয়, আক্রমণ প্রতিহত করার জন্য।’  

অন্যদিকে, আসানসোল লোকসভা উপনির্বাচনে আজ ছিল প্রচারের শেষদিন। তার আগে বিজেপির পক্ষ থেকে অন্ডালে একটি বিরাট মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলে যোগ দিয়েছিলেন রাজ্যের সাবেক বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।  সেখানে তিনি বলেন, তৃণমূল রামনবমীর কিছুই বোঝে না। যারা খুনখারাবির কাজ করে তারা রামের নাম নেয় কী করে? ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ‘রামভক্ত পার্টি’। রামনবমী আমাদের বড় উৎসব। সমাজের সবার সঙ্গে আমরাও সম্মিলিত হয়েছি এই উৎসবে। আজ অন্ডালের ওয়ার্কশপ কলোনি থেকে রামনবমী উপলক্ষে  মিছিলের আয়োজন করা হয়। সেখানে ছিলেন দিলীপ ঘোষসহ দুর্গাপুরের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই। এরআগে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছিলেন, ‘রামের নামে মিছিলে হাতে অস্ত্র থাকবে না তো কি লাড্ডু থাকবে?’ #  

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।