উন্মাদনা ছড়িয়ে দেশ চালানোর চেষ্টা হচ্ছে : দিগ্বিজয় সিং
https://parstoday.ir/bn/news/india-i106706-উন্মাদনা_ছড়িয়ে_দেশ_চালানোর_চেষ্টা_হচ্ছে_দিগ্বিজয়_সিং
ভারতের মধ্য প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা দিগ্বিজয় সিং কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে বলেছেন, উন্মাদনা ছড়িয়ে দেশ চালানোর চেষ্টা হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৬, ২০২২ ১১:০৯ Asia/Dhaka
  • মধ্য প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা দিগ্বিজয় সিং
    মধ্য প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা দিগ্বিজয় সিং

ভারতের মধ্য প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা দিগ্বিজয় সিং কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে বলেছেন, উন্মাদনা ছড়িয়ে দেশ চালানোর চেষ্টা হচ্ছে।

আজ (শনিবার) হিন্দি গণমাধ্যম এবিপিলাইভ ডটকম সূত্রে প্রকাশ, দিগ্বিজয় সিং বলেন, দেশের মূল সমস্যা থেকে মনোযোগ সরানো হচ্ছে এবং ধর্মের নামে দাঙ্গা সহিংসতা করা হচ্ছে। বুলডোজার চালাতে হলে বিদ্বেষ, মূল্যস্ফীতি, বেকারত্বের ওপর চালান।  

মধ্য প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার এমপি দিগ্বিজয় সিং শুক্রবার একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে আজমীরে পৌঁছান। যেখানে সার্কিট হাউসে আজমীর  শহর জেলা কংগ্রেসের বহু পদাধিকারী ও কর্মীসহ তার সমর্থকরা তাকে স্বাগত জানান। এ সময়ে, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দিগ্বিজয় সিং দেশের বর্তমান  রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেন।  

হিন্দুত্ববাদী ‘আরএসএস’প্রধান মোহন ভাগবতের দেওয়া বিবৃতিতে ভারত ১৫ বছরের মধ্যে আবার অখণ্ড ভারত হবে মন্তব্য প্রসঙ্গে দিগ্বিজয় সিং বলেন, অখণ্ড ভারত মানে পাকিস্তান এবং বাংলাদেশও আবার ভারতে শামিল হবে। দিগ্বিজয় সিং বলেন, এই প্রশ্ন আমাকে নয়, নরেন্দ্র মোদিকে করা উচিত।

তিনি বলেন, ২০১৪ সাল থেকে এ দেশের পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে তা উদ্বেগের বিষয়। গরীবরা গরীব হচ্ছে আর ধনী আরো ধনী হচ্ছে। এই ব্যবধান ক্রমেই বাড়ছে। যেখানে ‘ইউপিএ’শাসনামলে প্রায় ১৫ কোটি মানুষকে দারিদ্র্যের  বাইরে আনা হয়েছিল, তাদেরকে আবার দারিদ্রের দিকে ঠেলে দেওয়া হয়েছে।  

তিনি বলেন, কংগ্রেস এমন একটি দল যারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করছে। এমন পরিস্থিতিতে আজকের পরিবেশে কংগ্রেস ভয় পাবে না। কংগ্রেস যখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করছিল, তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস), মুসলিম লীগ, হিন্দু মহাসভা এবং বীর সাভারকারের ‘হিন্দুত্ব’ ব্রিটিশ সরকারের পক্ষে ছিল।  

দিগ্বিজয় সিং বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি সব সময়ই ৩৭০ ধারার পক্ষে ছিলেন। তৎকালীন সরকারে মন্ত্রী থাকাকালে তিনি এর পক্ষে কথা বলেছিলেন। যারা ধর্মীয় অনুভূতিতে উসকানি দেয় এবং দেশে বিদ্বেষ ছড়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বলেও মন্তব্য করেন সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং এমপি। 

 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।