ভারতে উপনির্বাচনে কংগ্রেস, তৃণমূল ও আরজেডি জয়ী, শূন্য বিজেপি
ভারতে একটি লোকসভা ও ৪টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস, তৃণমূল ও আরজেডি প্রার্থী জয়ী হয়েছেন। এক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপি একটি আসনেও জয়ী হতে পারেনি।
আজ (শনিবার) উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। এতে পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাবুল সুপ্রিয় জয়ী হয়েছেন।
এ সম্পর্কে তৃণমূল বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তী বলেন, ‘এই ভোটে সরকার বদলে যাবে না। শত্রুঘ্ন সিনহাজী মন্ত্রীও হবেন না। কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছিলেন যে, দিল্লির সরকারকে একটা বার্তা দেওয়া দরকার। দিল্লির সরকার ফ্যাসিস্ট কায়দায় জিনিষপত্রের দাম বাড়াচ্ছে। প্রতিদিন নিয়ম করে তেলের দাম বাড়ছে, এরফলে মানুষের নাভিশ্বাস উঠছে। মধ্যবিত্ত, নিম্নবিত্ত শ্রেণি খুব কষ্টের মধ্যে আছে। সুতরাং এই জবাবটা দিল্লিকে দেওয়া হল যে, ২০২৪ সালের সাধারণ নির্বাচনে বাংলার ‘বেটি’ (মমতা বন্দ্যোপাধ্যায়) কিন্তু দিল্লি যাচ্ছে।’
পশ্চিমবঙ্গে বালিগঞ্জ বিধানসভা আসনে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় ভোট পেয়েছেন ৫১,১৯৯ ভোট। বিজেপি প্রার্থী কেয়া ঘোষ পেয়েছেন মাত্র ১৩,২২০ ভোট। সিপিএমের সায়রা শাহ হালিম পেয়েছেন ৩০,৯৭১ ভোট। অন্যদিকে, পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা বিজেপির অগ্নিমিত্র পালকে ৩ লাখেরও বেশি ভোটে পরাজিত করেছেন।
বিহারে বোচাহান বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন আরজেডি প্রার্থী অমর কুমার পাসোয়ান। তিনি ভোট পেয়েছেন ৮২,৫৬২টি। প্রধান প্রতিপক্ষ বিজেপির বেবি কুমারী পেয়েছেন ৪৫,৯০৯ ভোট। অমর পাসওয়ান একে জনগণের জয় বলে বর্ণনা করেছেন। অন্যদিকে, আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, জনগণ ডাবল ইঞ্জিনের সরকারকে পরাজিত করেছে।
মহারাষ্ট্রের কোলহাপুর (উত্তর) বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী জয়শ্রী যাদব জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৯৭,৩৩২টি। প্রধান প্রতিপক্ষ বিজেপির সত্যজিৎ কদম পেয়েছেন ৭৮০২৫ ভোট।
ছত্তিশগড়ের খয়রাগড় বিধানসভা আসনে জয়ী হয়েছেন কংগ্রেসের যশোদা ভার্মা। যশোদা ভোট পেয়েছেন ৮৭,৮৭৯টি। প্রধান প্রতিপক্ষ বিজেপির কোমল জাঙ্গেল পেয়েছেন ৬৭,৭০৩ ভোট। #
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।