ইউক্রেন যুদ্ধ, সহিংসতা এবং লাউডস্পিকার বিতর্কের মধ্যে নির্দেশনা জারি
ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কভারেজ, দিল্লির জাহাঙ্গীরপুরী বিতর্ক এবং লাউডস্পিকার ইস্যুতে বিতর্ক অনুষ্ঠান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।
আজ (শনিবার) এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে প্রকাশ, নিউজ চ্যানেলগুলোকে অ্যাডভাইজারি জারি করে উসকানিমূলক, অসামাজিক, অসংসদীয় ও উসকানিমূলক শিরোনাম এড়িয়ে চলতে বলা হয়েছে। কেন্দ্রীয় সরকার বলেছে, কেবল টেলিভিশন নেটওয়ার্ক (নিয়ন্ত্রণ আইন) ১৯৯৫ সালের নির্দেশাবলী কঠোরভাবে অনুসরণ করুন।
সরকার স্পষ্টভাবে বলেছে, আদেশ না মানলে চ্যানেলটি নিষিদ্ধ করতে পারে। পরামর্শে বলা হয়েছে, টেলিভিশন নেটওয়ার্ক (নিয়ন্ত্রণ) আইন ১৯৯৫ এর ২০ ধারা কেন্দ্রকে টিভি চ্যানেলগুলোর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেয়। কোনো কার্যক্রম নির্ধারিত নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
গণমাধ্যমে প্রকাশ, দিল্লির জাহাঙ্গীরপুরীর ঘটনা এবং এরইমধ্যে ঘটে যাওয়া বিভিন্ন বিতর্ক অনুষ্ঠানে আপত্তি জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় টিভি চ্যানেলগুলোকে একটি নির্দেশনা জারি করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক বলেছে, ইতোমধ্যে বিভিন্ন ইস্যুতে টিভি চ্যানেলে সামাজিক পরিবেশে অযাচাইকৃত, বিভ্রান্তিকর, চাঞ্চল্যকর এবং অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করা হয়েছে।
এতে বলা হয়েছে, ইউক্রেন-রাশিয়া সম্পর্কে মিথ্যা দাবি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর ঘন ঘন ভুল উদ্ধৃতি, এমন শিরোনাম দেওয়া হয়েছিল যেগুলোর সাথে খবরের কোনও সম্পর্ক ছিল না, এবং সাংবাদিক এবং সংবাদ উপস্থাপকরা দর্শকদের উত্তেজিত করার জন্য তাদের পছন্দের, মনগড়া বিষয় উপস্থাপন করেছিলেন। জাহাঙ্গীরপুরী ঘটনার বিষয়ে সাম্প্রদায়িক সহিংসতা উসকে দেয় এমন উসকানিমূলক শিরোনাম এবং ভিডিও দেখানো হয়েছে। এরসঙ্গে যাচাই করা হয়নি এমন সিটিভি ফুটেজও দেখানো হয়েছে। একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভিডিও দেখিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে হাওয়া দেওয়া হয়েছে। মনগড়া ও চাঞ্চল্যকর শিরোনাম এবং কর্তৃপক্ষের পদক্ষেপকে সাম্প্রদায়িক রঙ দেওয়ার চেষ্টা করা হয়েছে। সংবাদ বিতর্কের সময় কিছু নিউজ চ্যানেল অসংসদীয়, উসকানিমূলক ভাষা ব্যবহার করেছে এবং সামাজিকভাবে অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করেছে। সাম্প্রদায়িক মন্তব্য করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়েছে।
কেন্দ্রীয় সরকার এসব বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং এ ধরনের জিনিস এড়িয়ে চলার জন্য কঠোর নির্দেশনাও দিয়েছে। বিতর্ক অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচি চলাকালীন লাউডস্পিকার নিয়ে আপত্তিকর ভাষার ব্যবহার নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। #
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।