পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে কোলকাতায় বিজেপির বিক্ষোভ সমাবেশ
https://parstoday.ir/bn/news/india-i107432-পশ্চিমবঙ্গে_নির্বাচন_পরবর্তী_সহিংসতার_অভিযোগে_কোলকাতায়_বিজেপির_বিক্ষোভ_সমাবেশ
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের শাসনামলে বিগত একবছরে নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতার প্রতিবাদে কোলকাতায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০২, ২০২২ ১৩:৫০ Asia/Dhaka
  • বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্র পাল
    বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্র পাল

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের শাসনামলে বিগত একবছরে নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতার প্রতিবাদে কোলকাতায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (সোমবার) বিজেপি’র ওই কর্মসূচিতে বিজেপি নেতা-নেত্রীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনায় সোচ্চার হন। বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্র পাল তার বক্তব্যে বলেন, গত একবছরে আমাদের ৫৬ জন কর্মীকে খুন করা হয়েছে। আজকে তার বর্ষপূর্তি হল। মাননীয়া মুখ্যমন্ত্রী বন্দোপাধ্যায়কে বলব, আপনি গণতন্ত্রকে শেষ করে দিয়েছেন এই পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রী চেয়েছেন বিরোধীশূন্য রাজনীতি করতে। যেখানে বিজেপিকে কোনও স্থান উনি দেবেন না। কিন্তু আপনি যতই ভুয়ো মামলা দিন, যতই আমাদের কর্মীদের হত্যা করা হোক আমরা লড়াই করব। আমাদের লড়াই চলছে এবং আমরা চোখে চোখ রেখে লড়াই করব। রাস্তায় নেমে লড়াও করব। আপনারা যত খুশি কেস দিন, মারুন, গ্রেফতার করুন। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করার এই লড়াই চলবে।’

তার দাবি, ‘এখানে আট থেকে আশি বছর বয়সী মায়েদের ধর্ষণ করা হয়, গণধর্ষণ করার পর পেট্রোল ও ডিজেল ঢেলে পুড়িয়ে মারা হয়।’  তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট ও কটাক্ষ করে বলেন, দড়ি ধরে মারো টান, রাণী হবে খান খান। ওই সমাবেশে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, নির্বাচনের আগে তাদের কর্মীদের বিরুদ্ধে ৪০ হাজার কেস হয়েছে। নির্বাচনের পরে ১২ হাজার কেস হয়েছে। এভাবে ভুয়ো মামলা দেওয়া হয়েছে। ৮০ হাজার লোক ঘরছাড়া হয়েছিল বিজেপি করার অপরাধে। ২৫ হাজার পরিবারকে ঘরছাড়া করা হয়েছিল। কিন্তু বাংলার মানুষ আমাদের বিশ্বাস করেছেন, সেজন্য রাজ্যে আমাদের শুভেন্দু দা’র মতো বিরোধীদলনেতা আছেন বলেও মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।#     

পার্সটুডে/এমএএইচ/ এমবিএ /২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।