রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম বিজেপি আগে জানালে ভেবে দেখতাম: মমতা
https://parstoday.ir/bn/news/india-i109988-রাষ্ট্রপতি_প্রার্থী_হিসেবে_দ্রৌপদী_মুর্মুর_নাম_বিজেপি_আগে_জানালে_ভেবে_দেখতাম_মমতা
ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম বিজেপি আগে জানালে ভেবে দেখতাম বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ এক অনুষ্ঠানে এ সম্পর্কে বলেন, ‘বিজেপি আগে জানায়নি যে, তারা এক আদিবাসী নারীকে প্রার্থী করছে। তাহলে অন্যভাবে ভাবতাম।’
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ০১, ২০২২ ১৫:৪১ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম বিজেপি আগে জানালে ভেবে দেখতাম বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ এক অনুষ্ঠানে এ সম্পর্কে বলেন, ‘বিজেপি আগে জানায়নি যে, তারা এক আদিবাসী নারীকে প্রার্থী করছে। তাহলে অন্যভাবে ভাবতাম।’

দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি বলেও মন্তব্য করেছেন মমতা। আজ (শুক্রবার) রথযাত্রা উপলক্ষে কোলকাতায় ইসকনের মন্দিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি নির্বাচনে ঐক্যবদ্ধ প্রার্থী না হওয়ার জন্য বিজেপিকেই দায়ী করেন তিনি। 

মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি প্রার্থীর নাম নিয়ে আগে আলোচনা করলে সহমতের ভিত্তিতে প্রার্থী দেওয়া সম্ভাবনা ছিল। তিনি বলেন, ‘বিজেপি যে আদিবাসী নারীকে প্রার্থী করবে সেটা আমরা আগে জানতাম না। আমি আদিবাসী-দলিত সবাইকে সমর্থন করি। আমার অন্যরকম সেন্টিমেন্ট কাজ করে। ‘এনডিএ’ যে দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করবে সেটা আগে জানলে অন্যভাবে ভাবতাম।’ 

এ সম্পর্কে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরী কটাক্ষ করে বলেছেন, ‘এখন এসব কথা বলার কোনও মানে হয় না। আমরা কংগ্রেস দল বিরোধিতা করছি, নৈতিকতার কারণে, আদর্শের কারণে। দিদির উপর সম্ভবত বিজেপি পার্টির কোনও চাপটাপ এসেছে। দিদির সঙ্গে মোদীর সম্পর্ক তো ভালো, সেজন্য মোদীর পক্ষ থেকে হয়ত কোনও চাপ এসেছে, যে দিদি তুমি এটা করো, তোমার ভালো হবে ভবিষ্যতে। সেজন্য দিদি পাল্টি খাচ্ছেন।’

অন্যদিকে, ওই ইস্যুতে মমতার বিরুদ্ধে দ্বিচারিতা করার অভিযোগ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১