বিজেপি দেশের বুকে একটা অত্যন্ত গভীর ষড়যন্ত্র চালাচ্ছে : তৃণমূল কংগ্রেস
-
কুণাল ঘোষ
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস হিন্দুত্ববাদী বিজেপির সমালোচনা করে বলেছে, বিজেপি দেশের বুকে একটা অত্যন্ত গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। আজ (মঙ্গলবার) দলটির মুখপাত্র ও রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন।
তিনি বলেন, ‘প্রথমত, আর্থিকভাবে দেশটা যত পিছিয়ে পড়ছে, মানুষের উপর আর্থিক চাপ যত বেশি হচ্ছে, সেই ব্যর্থতা থেকে নজর ঘোরাতে, মানুষের ক্ষোভকে বিভ্রান্ত করতে ধর্মীয় মেরুকরণ এবং হিংসার রাজনীতি বিজেপি পরিকল্পিতভাবে দেশের উপর চাপিয়ে দিতে চাচ্ছে। এর ভয়ঙ্কর উদাহরণ হচ্ছে, বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিবৃতি, যা নিয়ে খোদ সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদের কঠোর মনোভাব পোষণ করেছে। এরপর আমরা দেখেছি যে, ঘটনা ঘটেছে (রাজস্থানের) উদয়পুরে, একটি অত্যন্ত আপত্তিকর ঘটনা। একটি হত্যা, যেটা ক্যামেরায় বন্দি করা হয়েছে। এবং সেটিকে কেন্দ্র করে বিজেপি একটা প্রচার শুরু করল যে নূপুর শর্মাকে সমর্থন করার জন্যই নাকি সেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে, অর্থাৎ খুব সূক্ষ্মভাবে একটা ধর্মীয় প্ররোচনা দেওয়ার কাজ শুরু করল বিজেপি, যাতে মেরুকরণ হয়। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে, হত্যার সঙ্গে জড়িত রিয়াজ আটারি, তার যোগাযোগ পাওয়া যাচ্ছে বিজেপির সঙ্গে। তার পুরোদস্তুর যোগাযোগ পাওয়া যাচ্ছে বিজেপির সঙ্গে। সেই ছবিগুলো প্রকাশ্যে চলে এসেছে। এরপরে দেখা গেল জম্মুতে কুখ্যাত লস্কর জঙ্গিকে এলাকার মানুষ ধরলেন, এবং নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার হল। ধরা পড়ার পর দেখা গেল, যাকে কুখ্যাত জঙ্গি বলে গ্রেফতার করা হল, সেই তালিব হুসেন শাহ সেখানে বিজেপির ‘আইটি সেল’-এর প্রধান ছিল! বিজেপির সঙ্গে যুক্ত! অর্থাৎ, উদয়পুর থেকে জম্মু যদি দেখেন আপনারা তাহলে বিজেপির সঙ্গে জড়িত যারা, তাদেরকে দিয়েই এই অশান্তিটা করাচ্ছে, খুন করাচ্ছে, সহিংসতা ছড়াচ্ছে, সেজন্য এর তদন্ত হওয়া প্রয়োজন।’
‘নূপুর শর্মার মত ব্যক্তিরা বিষ ঢালছেন এবং এ জন্য দেশের মানুষকে ভুগতে হচ্ছে’ বলেও মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র ও রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।