দিলীপ ঘোষকে ‘দামড়া গরু’ বলে কটাক্ষ করলেন গোপাল শেঠ
https://parstoday.ir/bn/news/india-i110310-দিলীপ_ঘোষকে_দামড়া_গরু’_বলে_কটাক্ষ_করলেন_গোপাল_শেঠ
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক বিজেপি সভাপতি ও বর্তমানে সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে ‘দামড়া গরু’ বলে কটাক্ষ করলেন সাবেক বিধায়ক ও তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৮, ২০২২ ১৪:৫৩ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক বিজেপি সভাপতি ও বর্তমানে সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে ‘দামড়া গরু’ বলে কটাক্ষ করলেন সাবেক বিধায়ক ও তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ।

তিনি আজ (শুক্রবার) বাগদা ব্লকের হেলেঞ্চায় দলীয় এক কর্মসূচিতে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একই মন্তব্যের পুনরাবৃত্তি করেন। ২১ জুলাই কোলকাতায় তৃণমূলের শহীদ দিবস পালনকে কেন্দ্র করে মহাসমাবেশকে সামনে রেখে আজ প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন তৃণমূল নেতা ও বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ।  

গোপাল বাবু বলেন, ‘বিজেপি যে সন্ত্রাসের ভয় দেখাচ্ছে, রক্ত ঝরানোর কথা বলছে, তাতে ভয় পাওয়ার কোনও কারণ নেই। কারণ ওদের শক্তি নেই, ওরা হারিয়ে গেছে, ওরা কুৎসিত ভাষায় আক্রমণ করছে। দামড়া গরু দিলীপ ঘোষ রাস্তায় দাঁড়িয়ে ভ্যা-ভ্যা করছে যে মমতা  বন্দ্যোপাধ্যায়ের মা নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম গায়ত্রী দেবী। বনগাঁয় জল প্রকল্পের নামকরণ হয়েছে গায়ত্রী দেবীর নামে, যেখানে পবিত্রতা থাকে। সুতরাং আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার, ছাত্র, যুব, আইএনটিটিইউসি, এসসি-এসটি সেল, মাইনরিটি, মহিলা তৃণমূল কংগ্রেস আমরা সঙ্ঘবদ্ধ। ওইসব চমকানি-ধমকানি আমরা ভুলছি না। আমরা মানুষের ভোট, মানুষের ভালোবেসে নেব। যারা চমকাবে-ধমকাবে, তাদের জন্য প্রশাসন আছে, ব্যবস্থা নেবে’ বলেও মন্তব্য করেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ। 

বিজেপিকে টার্গেট করে গোপাল শেঠ বলেন, ‘নির্বাচনী ময়দানে দেখা হবে, জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, অনেক জায়গায় টিকিটই দিতে পারবে না। তারা এখন বড় বড় কথা বলছে।   গোপাল শেঠ এদিন আরও বলেন, ‘আগামী ২১ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদের প্রতি শ্রদ্ধা জানাবেন কোলকাতার ধর্মতলায়। সেখানে আমরা প্রত্যেক বিধানসভা থেকে পনের হাজার করে লোকের টার্গেট নিয়েছি। সেই টার্গেটকে সামনে রেখে আমরা সমস্ত জায়গায় সভা করছি। সকাল ৭ টা থেকে ৯ টার মধ্যে যেসব ট্রেন আছে সেগুলোতে মানুষজন  যাবে এবং পর্যাপ্ত বাস এবং ব্যক্তিগত গাড়িতেও মানুষজন যাবেন।’       

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার সম্পর্কে সম্প্রতি আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বিজেপি নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে বনগাঁ, বাগদা ও গাইঘাটা থানায় তৃণমূলের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে।  

এ প্রসঙ্গে তৃনমূল নেতা গোপাল শেঠ বলেন, ‘দিলীপ ঘোষ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি ও এমপি হওয়া সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী মহীয়সী নারী তার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন। সভ্য সমাজে কোনও শিক্ষিত মানুষ এ ধরণের কথা বলতে পারে না’ বলেও মন্তব্য করেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ।#  

পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/০৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।