আগামী নির্বাচনে বিজেপিকে হঠানোর ডাক দিলেন, মমতা
https://parstoday.ir/bn/news/india-i110830-আগামী_নির্বাচনে_বিজেপিকে_হঠানোর_ডাক_দিলেন_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘২০২৪ সালে বিজেপির কারাগার ভাঙো, মানুষের সরকার আনো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২১, ২০২২ ১৪:৪৩ Asia/Dhaka
  • আগামী নির্বাচনে বিজেপিকে হঠানোর ডাক দিলেন, মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘২০২৪ সালে বিজেপির কারাগার ভাঙো, মানুষের সরকার আনো।

২৪-এ নির্বাচনের জন্য ভোট নয়, প্রত্যাখ্যানের জন্য ভোট দিন।’ একইসঙ্গে তিনি কেন্দ্রীয় বিজেপি সরকারকে হঠিয়ে দেশ বাঁচানোর ডাক দিয়েছেন। মমতা আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে এ সংক্রান্ত মন্তব্য করেন।   

মমতা বলেন, ‘বিজেপির সরকার একটা বেড়াল তপস্বীর সরকার হয়ে গেছে। এখনও কীসব বিল নিয়ে আসছে কোনও মাথা নেই, মুণ্ডু নেই। সবার চাকরি খেয়ে নিচ্ছে। রেলে ৮০ হাজার চাকরি উঠিয়ে দিয়েছে!’  

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সমাবেশ থেকে কেন্দ্রীয় বিজেপি  সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল ইত্যাদির মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন সামগ্রীতে পণ্য ও পরিসেবা কর বা ‘জিএসটি’ চাপিয়ে দেওয়ার প্রতিবাদে সোচ্চার হন।

বিজেপিকে টার্গেট করে তিনি বলেন, ‘এরা কোনও প্রতিষ্ঠানের ঐতিহ্য মানে না। নতুন করে ইতিহাসের বই লেখা হচ্ছে। যারা জীবনে স্বাধীনতা যুদ্ধই করল না, যারা জীবনে দেশটাকেই জানল না, তারা নাকি দেশের ইতিহাস গড়বে! তারা নাকি দেশের ইতিহাস তৈরি করবে!’  

তিনি বলেন, কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি, সিবিআইকে দিয়ে ধমকাচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনেও ইডি’র ভয় দেখানো হয়েছে।     

মমতা এদিন ‘বিজেপি হঠাও, দেশ বাঁচাও’, ‘সিপিএম হঠাও দেশ বাঁচাও’, ‘গ্যাসের দাম বাড়ছে কেন, বিজেপি জবাব দাও’, ‘পেট্রোলের দাম বাড়ছে কে্‌ন, বিজেপি জবাব দাও’, ‘রেলে লোক ছাঁটাই হচ্ছে কেন বিজেপি জবাব দাও’, ‘কোল ইন্ডিয়া বন্ধ হচ্ছে কেন, বিজেপি জবাব দাও’, ‘এয়ার ইন্ডিয়া বন্ধ হচ্ছে কেন, বিজেপি জবাব দাও’, ‘আর্মিদের দখল করা হচ্ছে কেন বিজেপি জবাব দাও’, ‘বেকার যুবকদের চাকরি দেওয়া হচ্ছে না কেন বিজেপি জবাব দাও’, ‘চাকরি কাড়া হচ্ছে কেন, বিজেপি জবাব দাও’, ‘বেকারত্ব বাড়ছে কেন, বিজেপি জবাব দাও’ ইত্যাদি স্লোগান দিলে উপস্থিত জনতা তাতে গলা মেলান।#

পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।