ভারতে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় হট্টগোলের জেরে ১৯ এমপিকে সাসপেন্ড
https://parstoday.ir/bn/news/india-i111054-ভারতে_সংসদের_উচ্চকক্ষ_রাজ্যসভায়_হট্টগোলের_জেরে_১৯_এমপিকে_সাসপেন্ড
ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় হট্টগোলের কারণে ১৯ জন এমপিকে চলতি সপ্তাহের জন্য হাউস থেকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে গতকাল (সোমবার) প্রধান বিরোধী দল কংগ্রেসের ৪ এমপিকে সাসপেন্ড করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৬, ২০২২ ১২:২৭ Asia/Dhaka
  • ভারতে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় হট্টগোলের জেরে ১৯ এমপিকে সাসপেন্ড

ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় হট্টগোলের কারণে ১৯ জন এমপিকে চলতি সপ্তাহের জন্য হাউস থেকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে গতকাল (সোমবার) প্রধান বিরোধী দল কংগ্রেসের ৪ এমপিকে সাসপেন্ড করা হয়।

বলা হচ্ছে,  হাউসের ওয়েলে প্রবেশ করে স্লোগান দেওয়ার জন্য রাজ্যসভার ওই এমপিদের সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড হওয়া এমপিদের মধ্যে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের দোলা সেন, সুস্মিতা দেব, মৌসম বেনজির নূর, শান্তনু সেন, আবীররঞ্জন বিশ্বাস, নাদিমূল হক এবং শান্তা ছেত্রী রয়েছেন।

তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে এক বার্তায় বলা হয়েছে, ‘আমাদের সাসপেন্ড করতে পারেন। কিন্তু চুপ করাতে পারবেন না। এমপিরা মানুষের সমস্যা তুলে ধরলেই সাসপেন্ড করা হচ্ছে। এ ভাবে আর কতদিন চলবে?’ তৃণমূলের দাবি,  ‘এ ভাবে সংসদের পবিত্রতার সঙ্গে আপস করা হচ্ছে।’   

সংসদে মুদ্রাস্ফীতি, বেকারত্ব, জিএসটি এবং তদন্তকারী সংস্থাগুলোর পদক্ষেপ ইত্যাদি নিয়ে বর্ষাকালীন অধিবেশনে বিরোধীদের হট্টগোল অব্যাহত রয়েছে। সংসদে একনাগাড়ে প্রতিবাদ করছে বিরোধীরা। সরকারের অভিযোগ, বিরোধীরা সংসদের কার্যক্রমে বাধা দিচ্ছেন। অন্যদিকে, বিরোধী দলগুলো বলছে, সরকার এ সব বিষয়ে আলোচনা থেকে পালিয়ে বেড়াচ্ছে। 

আজ (মঙ্গলবার) রাজ্যসভায় হট্টগোলের জন্য বিরোধী এমপির বিরুদ্ধে শাস্তিমূলক  ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডেপুটি চেয়ারম্যান ১৯ এমপিকে সাময়িক বরখাস্ত করেন।  এর আগে সোমবার লোকসভায় বিরোধী এমপিরা মূল্যস্ফীতি এবং পণ্য ও পরিসেবা কর (জিএসটি)-এর ক্রমবর্ধমান হারের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এসব ইস্যুতে সংসদের নিম্নকক্ষ লোকসভায় হট্টগোল করার জন্য কংগ্রেসের মানিকম ঠাকুর, যথিমানি, রম্যা হরিদাস এবং টিএন প্রথাপন এমপিকে সাসপেন্ড করা হয়েছে। মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্ল্যাকার্ড প্রদর্শন করলে কংগ্রেসের ওই ৪ এমপিকে চলতি বর্ষাকালীন অধিবেশনের বাকি মেয়াদ পর্যন্ত সাসপেন্ড করা হয়। 

আজ মূল্যবৃদ্ধি, খাদ্যপণ্যে জিএসটি বসানো এবং গুজরাটে বিষমদ-কাণ্ডে মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনার দাবিতে রাজ্যসভা এবং লোকসভায় সোচ্চার হন বিরোধী এমপিরা। দফায় দফায় বিক্ষোভের জেরে বেলা ২টা পর্যন্ত উভয়কক্ষের সভা মুলতুবি হয়ে যায়।#

পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।