আগামী লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে না : মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i111120-আগামী_লোকসভা_নির্বাচনে_বিজেপি_ক্ষমতায়_আসবে_না_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি কোনোভাবেই ক্ষমতায় আসবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৭, ২০২২ ১৪:৪৪ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি কোনোভাবেই ক্ষমতায় আসবে না।

তিনি আজ (বুধবার) এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। তিনি অত্যন্ত জোরের সঙ্গে বলেন, ‘২০২৪-এ বিজেপি আসবে না, আসবে না, আসবে না।’

মুখ্যমন্ত্রী আজ কেন্দ্রীয় বিজেপি সরকারের বিভিন্ন পদক্ষেপের তীব্র সমালোচনা করেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে রাজ্যের সিনিয়র মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে কমপক্ষে ২১ কোটি টাকা ও বিভিন্ন মূল্যবান সামগ্রী।    

মমতা বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেন, ‘তিন/চারটে এজেন্সি দিয়ে সরকারকে জব্দ করা ছাড়া আর  কোনও কাজ নেই।  মহারাষ্ট্রে সরকার ভেঙেছে, ছত্তিসগড় ভাঙবে, ঝাড়খণ্ড ভাঙবে, বাংলাকে ভাঙবে। কিন্তু বাংলা ভাঙতে দেব না। বাংলা ভাঙতে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে লড়তে হবে, কুমিরের সঙ্গে লড়াই করতে হবে, বাংলাকে ভাঙতে গেলে সত্যিকারের সিংহের সঙ্গে আগে লড়ো। বাংলাকে ভাঙতে গেলে হাতির সঙ্গে লড়ো।’ 

তিনি বলেন, ব্রিটিশ আমলে অনেক অত্যাচার ছিল কিন্তু এই অত্যাচার ছিল না। এমন আতঙ্কের পরিবেশ ছিল না।  আগে বাচ্চারা ঘুমোলে মা গান গাইতো, ছেলে ঘুমোলো পাড়া জুড়োলো, বর্গি এল দেশে। এখন বাচ্চা ঘুমোলেও মা ডেকে তোলেন, ‘ছেলে ঘুমালো পাড়া জুড়ালো গব্বর এসেছে দেশে,    তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ নইলে তোর জীবন যাবে শেষে’। এই হয়ে গেছে আজকে অবস্থা!   

গণমাধ্যমের ভূমিকার তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা আজ বলেন, ‘কাজ করলে ভুল হতেই পারে। কেউ  যদি ভুল করে থাকে, তা যদি প্রমাণিত হয়, তাহলে তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন। কিন্তু এখানে মিডিয়া ট্রায়াল চলছে। কোনও কিছু হওয়ার আগেই সংবাদমাধ্যম অনেক কিছু দেখিয়ে দিচ্ছে। বিচারক কিছু বলার আগেই মিডিয়া সবাইকে চোর বানিয়ে দিচ্ছে। তাদের মধ্যেও কিন্তু চোর আছে। ওরাও এখন অনেক কিছু করছে। অনেকেই দালালি করে খায়। তবে কেউ অন্যায় করলে সে শাস্তি পাবেই’ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#

পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।