ভারতে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তেজস্বী যাদবের ক্ষোভ
'বিজেপির এমপি ও বিধায়কের বিরুদ্ধে কোনো অভিযান হয়নি'
-
ভারতের বিহারের উপমুখ্যমন্ত্রী ও ‘আরজেডি’ নেতা তেজস্বী যাদব
ভারতের বিহারের উপমুখ্যমন্ত্রী ও ‘আরজেডি’ নেতা তেজস্বী যাদব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’, ‘ইডি’এবং ‘আইটি’র তল্লাশি অভিযান নিয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।
আজ (বুধবার) তিনি একটি বিবৃতিতে বলেন, গত আট বছরে কেন্দ্রীয় সরকার তদন্তকারী সংস্থাগুলোকে রাজনৈতিক প্রতিহিংসার উপকরণ বানিয়েছে। আট বছর আগে তাদের সততা ও কর্মক্ষমতা নিয়ে দেশবাসী কখনো এমন প্রশ্ন তোলেনি। আমরা ‘সিবিআই’য়ের বিরোধিতা করছি না, বরং তাদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কাজকর্মের বিরোধিতা করছি।
তেজস্বী যাদব বলেন, তদন্তকারী সংস্থাগুলো শুধুমাত্র বিরোধী শাসিত রাজ্য এবং এর নেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের রাজনৈতিক কর্তাদের খুশি করার চেষ্টা করে। বিজেপির প্রায় তিনশোর বেশি এমপি এবং এক হাজারেরও বেশি বিধায়কের বিরুদ্ধে এ পর্যন্ত ওই এজেন্সিগুলো অভিযান চালায়নি। এ কারণে আমরা তাদের রাজনৈতিক চরিত্রের বিরোধী।
তিনি বলেন, গত আট বছরে এই ‘আইটি’, ‘ইডি’, ‘সিবিআই’-এর মাধ্যমে বিরোধী দলের অনেক নেতার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অনেক অভিযোগ গঠন করা হয়েছে, চারিত্রহনন করা হয়েছে। কিন্তু সেই কথিত দুর্নীতিবাজ বিরোধী নেতারা বিজেপিতে যোগদানের সাথে সাথেই তারা শুদ্ধতার শংসাপত্র পেয়েছিলেন। কেউ মন্ত্রী হয়েছেন কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন।
তেজস্বী যাদব আরও বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে আমাদের কোনও বিরোধিতা নেই এবং বিরোধিতা ছিলও না। আমরা জানি তারা আদেশ মেনে চলছে, কিন্তু সিবিআইকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে যেভাবে ব্যবহার করা হচ্ছে, আমরা তার বিরোধিতা করে যাব। আমাদের একটি ন্যায়পরায়ণ সমাজতান্ত্রিক সরকার আছে যেটি সংবিধান মেনে চলে যেখানে সবাই নিরাপদে আছে বলেও মন্তব্য করেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।#
পার্সটুডে/এমএএইচ/ এমবিএ /৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।