বিহারে খুব শিগগিরই লালুপ্রসাদ যাদবের মতো জেলে যাবেন নীতীশ কুমার : বিজেপি
-
নীতীশ কুমার
ভারতে বিহার বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক বিজয় কুমার সিনহা জেডিইউ নেতা ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন এবং তিনিও খুব শিগগিরি আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের মতো জেলে যাবেন বলে মন্তব্য করেছেন।
বিজেপির ওই বিধায়ক বলেছেন, ‘লাল কেল্লার প্রাচীর থেকে দেশকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের মানুষ ভারতকে দুর্নীতিমুক্ত এবং রাষ্ট্রকে অপরাধমুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নীতীশ কুমার এখন তার পাপের কথা জানতে পারবেন, এবং এর ফলাফল হবে তিনিও তার বড় ভাইয়ের (লালু প্রসাদ যাদব) মতো জেলে যাবেন।’
তার এ ধরণের হুঁশিয়ারি মন্তব্যের মধ্য দিয়ে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের সঙ্গে যে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ উঠেছে বিভিন্ন দলের পক্ষ থেকে, সেই অভিযোগের সত্যতা প্রমাণ করছে বলে রাজনৈতিক মহলের অভিমত।
গতকাল (শনিবার) জেডিইউয়ের জাতীয় কার্যনির্বাহী সভায়, নীতীশ কুমার বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ৫০ টি আসনে গুটিয়ে যাবে। এবং সেজন্য সমস্ত বিরোধী দলকে একসঙ্গে লড়াই করতে হবে, আমি সেই প্রচারে নিযুক্ত আছি।
অন্যদিকে, জেডিইউ সংসদীয় বোর্ডের জাতীয় সভাপতি উপেন্দ্র কুশওয়াহা বলেছেন, বিজেপি একনাগাড়ে আমাদের দল ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০২৪ সালে জেডিইউ তাকে প্রান্তিক করার কাজ করবে। জেডিইউ নেতারা বলছেন, মণিপুরে আমাদের পাঁচজন বিধায়ককে ভেঙে বিজেপি তার চরিত্র দেখিয়েছে। আগামীতে জেডিইউ তার উপযুক্ত জবাব দেবে। এরপরেই জেডিইউ নেতা ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে মাঠে নেমেছেন বিজেপি নেতা বিজয় কুমার সিনহা।
বিহারে এর আগে নীতিশ কুমারের ‘জেডিইউ’য়ের সঙ্গে বিজেপির এনডিএ জোট সরকার ছিল। সম্প্রতি নীতিশ কুমার বিজেপির সঙ্গ ত্যাগ করে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে অন্যদলের সঙ্গে মহাজোট সরকার গড়েছেন। এর পর থেকে বিজেপির ক্ষোভের মুখে পড়েছেন জেডিইউ নেতা ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। #
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।