মোহাম্মদ সেলিম বললেন
'অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পশ্চিমবঙ্গে কোনও ইডি-সিবিআই দফতর থাকবে না'
-
সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মুহাম্মাদ সেলিম
ভারতের পশ্চিমবঙ্গে সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মুহাম্মাদ সেলিম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে পশ্চিমবঙ্গে কোনও ‘ইডি’-‘সিবিআই’ দফতর থাকবে না।
তিনি আজ (শুক্রবার) বামফ্রন্টের ডাকে কোলকাতায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘ইডি’-‘সিবিআই’ দফতর সংলগ্ন সিজিও কমপ্লেক্স অভিযান কর্মসূচিতে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
আজকের ওই প্রতিবাদ সভা থেকে মুহাম্মাদ সেলিম রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, অনুব্রত মন্ডলের মতো চার আনার নেতা নয় গ্রেফতার করতে হবে বারো আনাকে। মুহাম্মাদ সেলিম তার বক্তব্যে আরও বলেন, ‘চোরকে চোর বলব, তিনি তৃণমূলের ঝাণ্ডা নিয়ে আসুক আর বিজেপির ঝাণ্ডা নিয়ে আসুক।’
কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে নিশানা করে মুহাম্মাদ সেলিম বলেন, ‘ইডি-সিবিআইকে বলব দুর্নীতিগ্রস্ত নেতা যদি তৃণমূল থেকে বিজেপিতে চলে যায় সাধু হয়ে যায় না। আইন মেনে চলুন, ওদের ধরতে হবে। আমরা বলছি ‘চোর ধরো, জেল ভরো’। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্জনদের পাশে দাঁড়িয়েছে। ইডি-সিবিআইকে বলছি, অনুব্রত হোক, পার্থ হোক, অভিষেক হোক, মলয় ঘটক হোক, শুভেন্দু হোক, কালকে যদি বলে এদের বিরুদ্ধে কোনও সাক্ষী প্রমাণ পাইনি, তাহলে পশ্চিমবাংলার বুকে ইডি-সিবিআই অফিস থাকবে না। এটা লিখে নিন। পরিষ্কার কথা, আইন মেনে চলতে হবে। এজন্য দ্রুত কঠোর পদক্ষেপ নিতে হবে এটা জানানোর জন্য আজ এখানে এসেছি।’
রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগানকে সামনে রেখে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দেওয়া হয়েছিল। মূলত রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল নেতা-মন্ত্রীদের দুর্নীতির অভিযোগে সোচ্চার হয়েছে বামফ্রন্ট। এ ছাড়া শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্ত ত্বরান্বিত করা, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ও খাদ্যদ্রব্য, ওষুধে ‘জিএসটি’ (পণ্য ও পরিসেবা কর) কার্যকর হওয়ার প্রতিবাদে বামফ্রন্টের ডাকে সিজিও কমপ্লেক্স অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়।
আজকের ওই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মুহাম্মাদ সেলিম, সিপিআই(এম)-এর পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য পলাশ দাশ ও অন্যরা। #
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।