পশ্চিমবঙ্গে বিজেপির নবান্ন অভিযান:
পুলিশি অত্যাচারের অভিযোগে দিল্লিতে সোচ্চার রবিশঙ্কর, পাল্টা জবাব কুণালের
ভারতের পশ্চিমবঙ্গে গতকাল বিজেপির নবান্ন অভিযানে পুলিশের অত্যাচারের অভিযোগে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
আজ (বুধবার) ওই ইস্যুতে তিনি দিল্লিতে দলীয় সদর দফতরে এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের পুলিশের তীব্র সমালোচনা করেন। রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘যে ব্যক্তি নিজেই বামফ্রন্টের অত্যাচারের বিরুদ্ধে লড়েছেন, আজ তিনি তার চেয়ে বেশি অত্যাচার বিজেপির উপর করছেন। এটা কী তৃণমূলের ভিতরের সমস্যা? উত্তরাধিকার সংঘাত চলছে? সেখান থেকে নজর ঘোরাতেই কী বিজেপি কর্মীদের উপর পুলিশি অত্যাচার?’
তিনি আরও বলেন, ‘আপনি, আপনার দল বা সরকার যত বিজেপির ওপর অত্যাচার করবে, বিজেপি তত এগিয়ে যাবে। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ বন্ধ হবে না।’
এ প্রসঙ্গে আজ পাল্টা জবাবে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘পুলিশ যথেষ্ট সতর্ক ছিল। আরও বড় গণ্ডগোল করার, আরও ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট ওদের ছিল। পুলিশের দক্ষতা ও কৌশলে সেই বড় অশান্তি তারা করতে পারেনি। বিক্ষপ্ত ঘটনার পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেছে। এটাই বাম আমলের সঙ্গে এবং বিজেপির অন্য রাজ্যের সঙ্গে পার্থক্য। পুলিশ মার খেয়েছে, রক্ত ঝরেছে পুলিশের, কিন্তু পুলিশ গুলি চালায়নি। পুলিশ সহিষ্ণুতা দেখিয়েছে। কিছু গুণ্ডা যখন ইট ছুঁড়ছিল, সেসময়ে জল কামান ব্যবহার এবং লাঠিচার্জ পর্যন্ত ছিল কিন্তু ট্রিগার হ্যাপি পুলিশ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের পুলিশ ট্রিগার হ্যাপি পুলিশ নয়।’
এ প্রসঙ্গে তিনি রাজ্যে বিগত বামফ্রন্টের আমলে পুলিশ কীভাবে তৃণমূল, ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেস কর্মীদের উপর গুলি চালিয়ে হত্যা করেছিল সেসব প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘এখানে সেই ঘটনা ঘটেনি। তারা নিজেরাই ইট-পাটকেল মেরে কয়েকজন জখম হয়েছেন।’
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আজ বিজেপির কেন্দ্রীয় নেতা নেতা অমিত মালব্য এবং রবিশঙ্কর প্রসাদকে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, ‘রবিশঙ্কর প্রসাদকে নরেন্দ্র মন্ত্রীসভা থেকে বের করে দিয়েছেন। উনি মন্ত্রীসভা থেকে বহিষ্কৃত!’ ‘নিজে ভেসে থাকতে এবং নরেন্দ্র মোদি ও অমিত শাহের গুডবুকে যেতে উনি মিথ্যাচার করছেন’ বলেও মন্তব্য করেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র কুণাল ঘোষ। #
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।