পশ্চিমবঙ্গ বিধানসভায় হট্টগোল, ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগান, ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ বিজেপি বিধায়করা তৃণমূল নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগে দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন ইস্যুতে আজ (বৃহস্পতিবার) বিধানসভায় আলোচনার দাবিতে বিজেপির পক্ষ থেকে মুলতুবি প্রস্তাব আনা হয়। কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তা খারিজ করে দেন। তিনি বলেন, আদালতে বিচারাধীন বিষয় হওয়ায় খারিজ করে দেওয়া হয়েছে বিরোধীদের প্রস্তাব। স্পিকারের ওই সিদ্ধান্ত ঘোষণার পরেই বিধানসভায় উত্তেজনার সূচনা হয়। বিজেপি বিধায়কেরা এ সময়ে রাজ্য সরকারের দুর্নীতির অভিযোগে পোস্টার প্রদর্শন করে ‘চোর ধরো জেল ভরো’, তৃণমূলের সবাই চোর, ‘চাকরি চোরের সরকার, আর নেই দরকার’ ইত্যাদি স্লোগান দেন।
অন্যদিকে, তৃণমূল বিধায়করা এ সময়ে বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে পাল্টা পোস্টার প্রদর্শন করেন ও বিজেপির বিরুদ্ধে স্লোগান দেন। তৃণমূল বিধায়করা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে ‘চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা’সহ বিভিন্ন স্লোগান দেন।
আজ বিজেপি বিধায়করা বিধানসভা থেকে ওয়াক আউট করে বিধানসভা কক্ষের সামনে সিঁড়ির উপর এসে বসে পড়েন। এরপর একনাগাড়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তারা স্লোগান দেন। এরপর নজিরবিহীনভাবে রাজ্যে শাসকদল অর্থাৎ তৃণমূল বিধায়করাও অধিবেশন কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। এবং তারা গোটা বিধানসভা চত্বর জুড়ে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন।ওই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের শীর্ষস্তরের নেতারা। বিধানসভা চত্বরে উভয়পক্ষের মধ্যে এভাবে পাল্টাপাল্টি বিক্ষোভ প্রদর্শনের ফলে তীব্র হট্টগোলের সৃষ্টি হয়। #
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।