কংগ্রেস ছেড়ে বিজেপি’র ওয়াশিং মেশিনে গেলে সবাই দাগহীন হয়ে যাচ্ছে: জয়রাম রমেশ
https://parstoday.ir/bn/news/india-i113292-কংগ্রেস_ছেড়ে_বিজেপি’র_ওয়াশিং_মেশিনে_গেলে_সবাই_দাগহীন_হয়ে_যাচ্ছে_জয়রাম_রমেশ
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশ বলেছেন, কংগ্রেস ছেড়ে বিজেপি’র ওয়াশিং মেশিনে গেলে সবাই দাগহীন হয়ে যাচ্ছে। তিনি আজ (বৃহস্পতিবার) ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০২২ ১৫:১৯ Asia/Dhaka
  • কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশ
    কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশ

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশ বলেছেন, কংগ্রেস ছেড়ে বিজেপি’র ওয়াশিং মেশিনে গেলে সবাই দাগহীন হয়ে যাচ্ছে। তিনি আজ (বৃহস্পতিবার) ওই মন্তব্য করেন।

গতকাল বুধবার গোয়ার ৮ কংগ্রেস বিধায়ক দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন,  দুই ধরনের লোক কংগ্রেস ছেড়েছে। প্রথম ক্যাটাগরিতে তারা আছেন যারা দলের সব কিছু পেয়েছেন। জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদের উদাহরণ তুলে ধরে জয়রাম রমেশ বলেন, প্রথম ক্যাটাগরিতে সেই নেতারা রয়েছেন যাদের দল সবকিছু দিয়েছে। দ্বিতীয় ধরণের নেতা প্রসঙ্গে  তিনি এ সময়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার উদাহরণ তুলে ধরেন। 

জয়রাম রমেশ বলেন,  ‘অন্য নেতা, যিনি তদন্তকারী সংস্থার রাডারে রয়েছেন, তিনি বিজেপিতে যোগ দেবেন। বিজেপিতে যোগ দিলেই তিনি পরিষ্কার হয়ে যাবেন। অসমের মুখ্যমন্ত্রীর দিকে তাকান, যিনি এর একটি উৎকৃষ্ট উদাহরণ। এখন তার বিরুদ্ধে  কোনও মামলা নেই। কিন্তু তিনি যখন কংগ্রেসে ছিলেন, বিজেপি তাকে প্রত্যেকদিন  আক্রমণ করত। এখন তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং বিজেপি নীরবতা পালন করেছে।’ 

গোয়া রাজ্যের ৮ কংগ্রেস বিধায়কের বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে জয়রাম রমেশ বলেন, এই লোকেরাও দ্বিতীয় স্তরের নেতা। ওই ৮ জন বিধায়ক বিজেপির 'ওয়াশিং মেশিনে' গিয়েছেন। তিনি বলেন,  তারা জানে যে এ সব লোক দুর্নীতিগ্রস্ত। জয়রাম রমেশ বলেন, তিনি একমত যে কংগ্রেস তাদের (গোয়ার ৮ বিধায়ক) দলে অন্তর্ভুক্ত করে ভুল করেছে।     

কংগ্রেস নেতা জয়রাম রমেশ আরও বলেন, ‘এখন তারা বিজেপির ওয়াশিং মেশিনের আশ্রয়ে গেছে, তারা আমার সাদা কুর্তার মতো দাগহীন হয়ে যাবে। যারা দল ছেড়ে চলে যাওয়ার তারা যাবে কিন্তু সবাই সবকিছু উপভোগ করে চলে যাচ্ছে।’ ‘২০/৩০  জন যুবনেতা দলে দায়িত্ব নিতে অপেক্ষা করছেন। আমি কিছু বড় নামী লোকজনের  দল ছেড়ে যাওয়া নিয়ে চিন্তিত নই, এ ধরনের লোকেরা যত তাড়াতাড়ি দল ছেড়ে যাবে ততই মঙ্গল’ বলেও তিনি মন্তব্য করেন।# 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।