বাকায়ি: ইরান একটি অবিচ্ছেদ্য সত্তা
-
বাকায়ি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র “দক্ষিণ ইরান” শব্দবন্ধ ব্যবহারের প্রতিক্রিয়ায় বলেছেন, “ইরানের উত্তর, দক্ষিণ, পূর্ব বা পশ্চিম বলে আলাদা কিছু নেই; ইরান একটি অবিচ্ছেদ্য সত্তা, একটি অবিচ্ছেদ্য প্রাণ।”
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় লিখেছেন, “যারা ইচ্ছাকৃতভাবে ‘দক্ষিণ ইরান’ শব্দটি ব্যবহার করেন, তারা মানুষের মনে এমন একটি ধারণা সৃষ্টি করতে চান, যেন ইরানকে তার ভৌগোলিক দিক দিয়ে পৃথকভাবে সংজ্ঞায়িত করা যায়।"
তিনি আরও বলেন, ইরানকে ভৌগোলিক রেখা টেনে বিভক্ত করা যায় না, আর শব্দের মাধ্যমেও তাকে খণ্ড-বিখণ্ড করা সম্ভব নয়। ইরানের উত্তর, দক্ষিণ, পূর্ব কিংবা পশ্চিম বলে আলাদা কিছু নেই; ইরান একটি অবিচ্ছেদ্য সত্তা, একটি ঐক্যবদ্ধ প্রাণ। এর সুউচ্চ পর্বতমালা থেকে গভীর সমুদ্র পর্যন্ত, রৌদ্রদগ্ধ উপকূল থেকে মরুভূমির গম্ভীর নীরবতা পর্যন্ত—এই ভূখণ্ডের প্রতিটি কণাই ইরান।
বাকায়ি লিখেছেন, এই দেশ ইতিহাসের বিস্তৃতির মতো এক বিশাল হৃদয়। হাজার হাজার বছর ধরে এই হৃদয় স্পন্দিত হয়েছে, আঘাত পেয়েছে, গর্জে উঠেছে; কিন্তু কখনোই তার স্পন্দন থেমে যায়নি। একজন ইরানির কাছে এই দেশের প্রতিটি অঞ্চলই এক হৃদয়ের অংশ—যে হৃদয় গর্বিত ও দৃঢ়চেতা মাতৃভূমির প্রতি ভালোবাসায় পরিপূর্ণ।”#
পার্সটুডে/এস এ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।