কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশ
https://parstoday.ir/bn/news/india-i113464-কেন্দ্রীয়_সংস্থার_বিরুদ্ধে_পশ্চিমবঙ্গ_বিধানসভায়_নিন্দা_প্রস্তাব_পাশ
ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে আজ বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশ হয়েছে। আজ (সোমবার) বিধানসভায় নিন্দা প্রস্তাব এনেছিল রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকার। তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তাপস রায় একযোগে ওই নিন্দাপ্রস্তাব আনেন বিধানসভায়। ১৮৯-৬৪ ভোটে ওই প্রস্তাব পাশ হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০২২ ১৫:৫১ Asia/Dhaka
  • কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশ

ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে আজ বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশ হয়েছে। আজ (সোমবার) বিধানসভায় নিন্দা প্রস্তাব এনেছিল রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকার। তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তাপস রায় একযোগে ওই নিন্দাপ্রস্তাব আনেন বিধানসভায়। ১৮৯-৬৪ ভোটে ওই প্রস্তাব পাশ হয়েছে।

রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ‘ইডি’ এবং ‘সিবিআই’। এরফলে রাজ্যের সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও বেশ কয়েকজন কর্মকর্তা গ্রেফতার হয়েছেন। ওই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের শাসকদলের নেতা-মন্ত্রীরা।  

মুখ্যমন্ত্রী মমতা আজ বিধানসভায় বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের তীব্র সমালোচনা করলেও তাৎপর্যপূর্ণভাবে ওই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা না করে তাকে কার্যত ছাড় দিয়েছেন।

মমতা বলেন, ‘সিবিআই এখন প্রধানমন্ত্রীর দফতরে নেই। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধীনে আছে। কোলকাতায় ২১টা ‘ইডি’ রেইড হয়েছে। একমাসে ১০৮টা কেস করেছে সিবিআই-ইডি। আমি বিশ্বাস করি না, এটা নরেন্দ্র মোদি করছেন। বিজেপি নেতারা এ সব করছেন। কিন্তু তোমরা বুনো ওল হলে আমি বাঁঘা তেতুল!’ প্রসঙ্গত, ‘সিবিআই’ বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রণালয়ের অধীনে রয়েছে।  

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, ‘একটা প্রস্তাব সরকার আনতেই পারে। এটা কৃতদাসদের সরকার নয়! এটা স্বাধীনচেতা সরকার।’  মমতা আরও বলেন,  ‘গেরুয়া সেজে বসেছেন ‘চোর’। দেখে নেবে বলছে! যারা গ্যাস বেলুনের মতো ফুলেছ, শেষ হয়ে যাবে। নিরপেক্ষতা আনতেই এই প্রস্তাব। মধ্যরাতে কারও কারও বাড়ি চলে যাচ্ছে! তৃণমূলে থাকলে ‘চোর’ আর বিজেপিতে গেলে ‘ওয়াশিং মেশিন’ বলে কটাক্ষ করেন মমতা।   

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় এবং স্থানীয় বিজেপি নেতারা রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন পরিকল্পনা করছেন বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#   

  

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৯    

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।