পশ্চিমবঙ্গের বর্ধমানে ব্লক সভাপতি মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব
তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মন্তেশ্বরে তৃণমূলের ব্লক সভাপতি পদে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন। তার মতামতকে উপেক্ষা করে মন্তেশ্বরে ব্লক সভাপতি করাকে কেন্দ্র করে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
এক ভিডিও বার্তায় তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বর্তমানে তিনি ওমরাহ পালনের উদ্দেশ্য সৌদি আরবে মক্কায় অবস্থান করলেও দলের সিদ্ধান্তে তিনি এতটাই ক্ষুব্ধ যে সেখান থেকে এক ভিডিয়ো বার্তায় তিনি তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন যা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে মাওলানা সিদ্দিকুল্লাহ বলেন, ‘আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে এ ভাবে অপমান না করলেও পারতেন। আমি ২৯৩টি আসনে নাক গলাইনি। কিন্তু আমার বিধানসভা কেন্দ্রে আমি যাকে বলব সেটা করবেন না, কিন্তু অন্য বিধানসভা কেন্দ্রে সভাপতি-সম্পাদক কে হবে যারা বলবেন সেসব মেনে নেওয়া হবে এটা সমীচীন নয়।’
তৃণমূলের শীর্ষনেতাদের হুঁশিয়ারি দিয়ে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রয়োজনে অন্য পথ অবলম্বন করতে পারেন বলে জানিয়েছেন এবং সেই রাস্তা খোলা আছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আমার হাতে যে ভোট আছে, বাংলার ক’জন মুসলিম নেতার হাতে সেই ভোট আছে, দয়া করে ভেবে দেখবেন। ফুটবলের মতো আমাদের ব্যবহার করবেন না। আমাদের সম্মান দিন।’ তার এ ধরণের মন্তব্যের মন্তব্যের জেরে রাজনৈতিক মহলে শোরগোল সৃষ্টি হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এমএআর/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।