দেশকে ‘অশুভ শক্তি’র হাত থেকে মুক্তি দিতে হবে: কুণাল ঘোষ
https://parstoday.ir/bn/news/india-i113930-দেশকে_অশুভ_শক্তি’র_হাত_থেকে_মুক্তি_দিতে_হবে_কুণাল_ঘোষ
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বিজেপিকে নিশানা করে বলেছেন, ‘গোটা দেশকে অশুভ শক্তির হাত থেকে মুক্তি দেওয়া দরকার।’তিনি আজ (শনিবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০১, ২০২২ ১৫:৫৬ Asia/Dhaka
  • কুণাল ঘোষ
    কুণাল ঘোষ

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বিজেপিকে নিশানা করে বলেছেন, ‘গোটা দেশকে অশুভ শক্তির হাত থেকে মুক্তি দেওয়া দরকার।’তিনি আজ (শনিবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।

কুণাল ঘোষ কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, ‘২০১৪ সালে বলা হয়েছিল বছরে দু’কোটি বেকারের চাকরি হবে। এটা ২০২২ সাল। এই সময়ের মধ্যে ১৬ কোটি বেকারের চাকরি হল না। বরং আরো ১৬ কোটি বেকার তৈরি হয়ে গেল গোটা দেশে।’ 

কুণাল ঘোষ রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি প্রসঙ্গে বলেন, ‘যেটা ঠিক, সেটা ঠিক, যেটা ভুল, সেটা ভুল। যেটা অন্যায়, সেটা একশোবার অন্যায়। শিক্ষা ক্ষেত্রে এখানে যেটা হয়েছে, বহু ঠিক কাজ হয়েছে, ভালো কাজ হয়েছে। আবার নিয়োগ নিয়ে যেটা হয়েছে, সেটা ঠিক কাজ হয়নি। যে ব্যক্তি অন্যায় করেছেন, তাদের তদন্ত ও শাস্তি হচ্ছে, কেউ কোথাও তাকে রক্ষা করছে না। কিন্তু এর পাশাপাশি জট খুলে নিয়োগের দরজা খুলতে হবে।’

বিজেপি রাজ্যের বিভিন্ন প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘বিজেপি বা যারা এ নিয়ে সমালোচনা করছেন, সেই বিজেপিশাসিত ত্রিপুরায় ১০ হাজার ৩৩০ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি চলে গেছে। তাদের ওপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস চালানো হয়েছে। এ ভাবে সেখানে নির্যাতন হয়েছে। বিজেপিশাসিত মধ্য প্রদেশে ‘ব্যাপম’ দুর্নীতি। সব জায়গায় একটা কুৎসিত, জঘন্য পরিবেশ। সেই তুলনায় পশ্চিমবঙ্গ যথেষ্ট ভালো আছে। তার মধ্যে যেটা অন্যায় হয়েছে, সেটা একশোবার অন্যায়। আমরা কাউকে রক্ষা করব না’ বলেও মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১              

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।