তেলেঙ্গানায়ও মহারাষ্ট্রের মতো খেলা? দল বদলে ‘টিআরএস’ বিধায়কদের কয়েককোটি টাকা দেওয়ার প্রস্তাব
ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদের সাইবরাবাদ পুলিশ বলেছে, তেলেঙ্গানার শাসক দল ‘টিআরএস’-এর বিধায়কদের ঘুষ দিয়ে কেনার ষড়যন্ত্রের সন্ধান পাওয়া গেছে।
সাইবরাবাদের পুলিশ কমিশনার স্টিফেন রবীন্দ্র বলেছেন, চারজন বিধায়ককে কেনার চেষ্টা করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, মহারাষ্ট্রের আদলে এই অভিযানের পরিকল্পনা করা হয়েছিল। চুক্তি প্রস্তুতকারীকে ১০০ কোটি টাকা এবং প্রত্যেক বিধায়ককে ৫০ কোটি টাকা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এতে পি রোহিত রেড্ডি সহ চারজনের নাম উঠে এসেছে।
সাইবরাবাদ পুলিশ কমিশনার বলেছেন, অভিযোগ পাওয়ার পর আজিজ নগরের খামারবাড়িতে তল্লাশি চালানো হয়। বিধায়করা পুলিশকে বলেছেন, তাদের ‘দল পরিবর্তন করার জন্য প্রলোভন এবং ঘুষের’ প্রস্তাব দেওয়া হয়েছিল। তাদের দল পরিবর্তন করার জন্য মোটা টাকা, চুক্তি এবং পদের প্রস্তাব দেওয়া হয়েছে। বলা হচ্ছে, তিনজন হায়দরাবাদে এসেছিলেন এবং বেশ কয়েকদিন ধরে কথাবার্তা চলছিল। বলা হচ্ছে, তারা রোহিত রেড্ডির সঙ্গে ১০০ কোটি টাকার চুক্তি করেছেন। প্রত্যেক বিধায়ককে দল পরিবর্তনের জন্য ৫০ কোটি টাকার প্রস্তাবও দেওয়া হয়েছিল।
পুলিশ বলছে, আটককৃতরা নিজেদের হরিয়ানার ফরিদাবাদের সতীশ শর্মা ওরফে রাম চন্দ্র ভারতী, তিরুপতির ডি সিমহায়াজি এবং একজন ব্যবসায়ী নন্দকুমার বলে পরিচয় দিয়েছে। পুলিশ এ পর্যন্ত জানতে পেরেছে যে আটক ব্যক্তিরা ভুয়ো পরিচয়ের ভিত্তিতে হায়দরাবাদে এসেছিল।
এ সংক্রান্ত প্রস্তাব বিধায়ক পি রোহিত রেড্ডির খামার বাড়িতে করা হয়েছিল, যা অভিযোগে উল্লেখ করা হয়েছে। সাইবরাবাদের পুলিশ প্রধান স্টিফেন রবীন্দ্র বলেন, চার টিআরএসের চার বিধায়ক, জি বালারাজু, বি হর্ষবর্ধন রেড্ডি, আরকে রাও এবং রোহিত রেড্ডিকে দলত্যাগের উদ্দেশ্যে নগদ, পদ এবং অন্যান্য প্রণোদনার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
গোটা ঘটনায় ‘বিজেপি’কে দায়ী করেছে রাজ্যে ক্ষমতাসীন ‘টিআরএস’। দলের মুখপাত্র কৃষ্ণক বলেছেন কেসিআর বিধায়করা বিক্রি হওয়ার নয়।
২০১৯ সাল থেকে দাবি করা হচ্ছিল যে বিজেপি তেলেঙ্গানায় ‘অপারেশন লোটাস’ চালু করার চেষ্টা করছে। মহারাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতার পরে এই ধরনের দাবিগুলো আরও জোরালো হয়, যখন একনাথ শিন্ডের বিজেপি সমর্থিত বিদ্রোহ চলতি বছরের শুরুতে উদ্ধব ঠাকরে সরকারকে পতন করে।
সম্প্রতি, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও (আপ) দাবি করেছে, বিজেপি দিল্লি এবং পাঞ্জাবে বিধায়কদের দখলের চেষ্টা করছে। পাঞ্জাবে আপ বিধায়ক হরমিত সিং পাঠান মাজরা বিজেপির বিরুদ্ধে অপারেশন লোটাসের মাধ্যমে ১০০ কোটি টাকায় তাকে কেনার চেষ্টা করার অভিযোগ করেছিলেন। তিনি দাবি করেছিলেন, বিজেপির এক এজেন্ট তাকে দিল্লি থেকে ফোন করে তাকে ১০০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল।
গত আগস্টে, এমন খবর ছিল যে বিজেপির এক নেতা দাবি করেছিলেন কমপক্ষে ১৮ জন টিআরএস বিধায়ক শিগগিরি বিজেপিতে যোগ দেবেন। প্রসঙ্গত, সাম্প্রতিককালে ‘অপারেশন লোটাস’-এর মাধ্যমে বিজেপি, বিধায়ক ভাঙিয়ে কর্ণাটকে এইচডি কুমারস্বামী, মধ্যপ্রদেশে কমলনাথ, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরেকে ক্ষমতাচ্যুত করেছে বলে অভিযোগ।
ঝাড়খণ্ড রাজ্যেও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সরকারের পতন ঘটাতে বিপুল টাকা দিয়ে পদ্ম-শিবির, বিধায়ক কেনার ছক কষেছিল বলে অভিযোগ উঠেছে। বিজেপির প্রতীক চিহ্ন হল পদ্ম ফুল। সেজন্য অন্য দল থেকে বিধায়ক ভাঙিয়ে বিজেপিতে শামিল করা হলে তাকে ‘অপারেশন লোটাস’ বলা হয়ে থাকে।
গত ৩০ জুলাই রাতে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পাঁচলায় ঝাড়খণ্ডগামী একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছিল কমপক্ষে ৫০ লাখ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী। ওই গাড়িতে ছিলেন ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কও। ওই ঘটনায় সেসময়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। এসব ঘটনার জের না মিটতেই এবার ফের তেলেঙ্গানা রাজ্যে দল বদলের পরিবর্তে ৪ টিআরএস বিধায়ককে বহু কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠায় নতুন করে রাজনৈতিকমহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। #
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।