অনুব্রত মণ্ডলের জামিন পাওয়া নিয়ে দিলীপ ঘোষ- জয়প্রকাশ মজুমদার পাল্টাপাল্টি বাকযুদ্ধ
https://parstoday.ir/bn/news/india-i115348-অনুব্রত_মণ্ডলের_জামিন_পাওয়া_নিয়ে_দিলীপ_ঘোষ_জয়প্রকাশ_মজুমদার_পাল্টাপাল্টি_বাকযুদ্ধ
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির দিলীপ ঘোষ এমপি বলেছেন, অনুব্রত মণ্ডল জামিন পেলে বীরভূমের পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ হবে না। রক্তাক্ত নির্বাচন হবে। তিনি আজ (বুধবার) ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০২, ২০২২ ১৫:১৩ Asia/Dhaka
  • অনুব্রত মণ্ডলের জামিন পাওয়া নিয়ে দিলীপ ঘোষ- জয়প্রকাশ মজুমদার পাল্টাপাল্টি বাকযুদ্ধ

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির দিলীপ ঘোষ এমপি বলেছেন, অনুব্রত মণ্ডল জামিন পেলে বীরভূমের পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ হবে না। রক্তাক্ত নির্বাচন হবে। তিনি আজ (বুধবার) ওই মন্তব্য করেন।

বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বর্তমানে গরু পাচার মামলায় কারাগারে বন্দী রয়েছেন। গত ১১ আগস্ট গরুপাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেফতার হন প্রতাপশালী নেতা, বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।   

বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা জবাবে তৃণমূলের রাজ্য সহ- সভাপতি জয়প্রকাশ মজুমদার আজ বলেন, 'অনুব্রত বাবু বাইরে বেরোনো মানে সেটা বিচার ব্যবস্থার বিষয়। উনি কে এই ব্যাপারে কথা বলার? ওনাকে কে অধিকার  দিয়েছে? বিচার ব্যবস্থার উপর মাতব্বরি করার অধিকার দিলীপ ঘোষকে কে দিয়েছে?’  

তিনি আরও বলেন, ‘পঞ্চায়েত ভোটের লক্ষ্যেই তো অনুব্রত মণ্ডলকে ফাঁসানো হয়েছে, সেটা দিলীপবাবুর কথাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আসলে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে বিজেপি যাতে পঞ্চায়েত ভোট বা অন্য যে কোনও নির্বাচনে জিততে পারে, তার ব্যবস্থা করছে।’ এর পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের জন্য আগে দলীয়  কর্মীদের বাঁশ কেটে রাখার কথা বলে যে বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ ঘোষ, সেকথা উল্লেখ করে তাকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। 

বিজেপি নেতা দিলীপ ঘোষ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘গত বছরের চেয়ে আরও খারাপ হবে। কারণ এবার তৃণমূল আরও দুর্বল হয়েছে। বিজেপি শক্তিশালী হয়েছে। সেজন্য  শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অনুব্রতকে ভিতরে রাখা দরকার আছে।’ এর পাশাপাশি রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর দাবি ও রাজ্যের শাসকদল তৃণমূলকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট প্রয়োজন। গতবার তৃণমূলের মধ্যে বহু নির্দলীয় প্রার্থী হয়েছিল। এবার তৃণমূলের মধ্যে ৫০ শতাংশ নির্দলীয় হয়ে যাবে। প্রার্থী দেওয়া নিয়ে তারাই নিজেরা মারামারি করবে। তারপর আমাদের সঙ্গে হবে’ বলেও মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।#   

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/ ৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।