বাংলা নিজের পায়ে দাঁড়াতে পারে: মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i115884-বাংলা_নিজের_পায়ে_দাঁড়াতে_পারে_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেছেন, ‘দিল্লির টাকা নিতে আমার বয়েই গেছে, বাংলা নিজের পায়ে দাঁড়াতে পারে।’ তিনি আজ (সোমবার) কোলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক ছাত্র সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৪, ২০২২ ১৭:১০ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেছেন, ‘দিল্লির টাকা নিতে আমার বয়েই গেছে, বাংলা নিজের পায়ে দাঁড়াতে পারে।’ তিনি আজ (সোমবার) কোলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক ছাত্র সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ কেউ বাংলাকে ভালবাসে না। সে জন্য সারাক্ষণ কুৎসা, চক্রান্ত, অপপ্রচার করে চলেছে। তবে সব তথ্য সত্য নয়!’ বিজেপি নেতাদের কটাক্ষ করে মমতা বলেন, ‘বাংলায় বসে, বাংলার  খেয়েদেয়ে-পরে দিল্লিকে বলছে, বাংলায় টাকা  দিয়ো না! আমার বয়েই  গেছে দিল্লির টাকা নিতে! বাংলা নিজের পায়ে দাঁড়াতে পারে। দিল্লির মনে রাখতে হবে, আমাদের আত্মসম্মান রয়েছে। এটা আমাদের গর্ব, এটা আমাদের অধিকার। আমরা তা ছিনিয়ে নিতে  দেবো না। এটা আমরা রক্ষা করব প্রাণভরে, বাংলার মা’কে, এটা আমাদের শপথ, এটা আমাদের আদর্শ।’    

তিনি বলেন, ‘জীবনে চলার পথে কখনও কখনও বিপদ আসে, কখনও সঙ্কট আসে, কিন্তু কোনো সঙ্কটে ভয় পাবেন না। সঙ্কটকে এড়িয়ে চলাই আমাদের কাজ। সাহসিকভাবে লড়াই  করাই আমাদের কাজ। আমি চাই, বাংলায় সেই ছাত্র-যৌবন, যারা আনবে সারা বিশ্বে প্লাবন। যারা ভাষা থেকে নাসা জয় করবে, সারা পৃথিবীকে দেখাবে, আমরাই পারি, আমরাই পারি, আমরাই পারি। আমরাই লড়ি, আমরাই লড়ি, আমরাই গড়ি, আমরাই করি।’ 

রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে যখন রাজনৈতিক মহলে তুমুল আলোচনা চলছে, একের পর এক নেতা-মন্ত্রী-বিধায়কদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। রাজ্যের সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বিধায়ক মানিক ভট্টাচার্য জেল হেফাজতে আছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভুল শুধরে নেওয়ার বার্তা দিয়েছেন  মুখ্যমন্ত্রী।  তিনি আজ বলেন, ‘কাজ করতে গেলে ভুল হবে। চলতে গেলে হোঁটচ লাগেই। যদি কেউ ভুল করে, তা শুধরে নেওয়া হবে। ভুল করলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে’ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।    

  

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।