পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক
শুভেন্দুকে গ্রেফতারের দাবি জানালেন তৃণমূল বিধায়ক মদন
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি তুলেছেন তৃণমূল বিধায়ক ও রাজ্যের দাবেক মন্ত্রী মদন মিত্র।
কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই হেফাজতে বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের রহস্য মৃত্যু প্রসঙ্গে তিনি আজ (মঙ্গলবার) এ সংক্রান্ত মন্তব্য করেন। মদন মিত্র আজ বলেন, ‘সবার আগে এখনি এই মুহূর্তে সুয়োমোটো অর্ডার বের করে শুভেন্দু অধিকারীকে একেবারে কোমোরে দড়ি পরিয়ে গ্রেফতার করা দরকার। শুভেন্দু অধিকারী কী করে বলল যে ১২ ডিসেম্বর থেকে অপারেশনটা স্টার্ট হবে? সেই একমাত্র জানত যে ১২ তারিখে আমরা অপারেশন স্টার্ট করব। কিন্তু আমি ছবিটা দেখেছি। ওটা আত্মহত্যা বলে চালাবার চেষ্টা হচ্ছে। ওটা মার্ডার কী না কে বলবে?’ শুভেন্দু অধিকারী বলেছিলেন, ১২ তারিখে অপারেশন স্টার্ট হবে, আর সেই দিনই লালন শেখের ডেডবডি পাওয়া গেল বলেও মন্তব্য করেন বিধায়ক মদন মিত্র
এদিকে, সিবিআই হেফাজতে থাকাকালীন বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের রহস্যমৃত্যুতে সিআইডি তদন্ত চেয়েছেন তার স্ত্রী রেশমা বিবি। তার অভিযোগ, লালনকে খুন করেছে সিবিআই। এমনকী তার জিভ কেটে নিয়েছে বলেও অভিযোগ। কয়েকজন সিবিআই কর্মকর্তার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে রামপুরহাট থানায় এফআইআর করেছেন রেশমা বিবি।
ওই ইস্যুতে আজ শিলংয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ধিক্কার জানাই ওই ঘটনাকে। সিবিআই যদি এত স্মার্ট হয়, কেন হেফাজতে তার মৃত্যু হল? ওদের সমস্ত ডিটেলস নিতেই হবে।’ এর পরেই তিনি বলেন, ওই বিষয়টি নিয়ে সরব হবেন। তিনি বলেন, ‘ওর স্ত্রী এফআইআর করেছেন। আমরাও ইস্যুটি তুলব।’
প্রসঙ্গত, সোমবার রামপুরহাটের অস্থায়ী সিবিআই শিবিরে বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের ঝুলন্ত লাশ উদ্ধার হয়। সিবিআইয়ের দাবি- আত্মহত্যা করেছেন লালন। কিন্তু লালনের পরিবার তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে।
গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই মোড়ে বোমা ছুড়ে দুর্বৃত্তরা খুন করে রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ভাদুকে। সেই খুনের পর রাতে বগটুই গ্রামের বেশ কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তার জেরে ১০ জনের মৃত্যু হয়। কোলকাতা হাই কোর্টের নির্দেশে ওই ঘটনার তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। লালনের বিরুদ্ধে বগটুইয়ে আগুন লাগানোর অভিযোগ ছিল। চলতি মাসেই ঝাড়খণ্ডের পাকুড় থেকে গ্রেফতার করা হয় লালন শেখকে।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ