বিজেপি এমপি প্রজ্ঞা সিং ঠাকুরের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি কামরুজ্জামানে'র
https://parstoday.ir/bn/news/india-i117776-বিজেপি_এমপি_প্রজ্ঞা_সিং_ঠাকুরের_বিরুদ্ধে_আইনি_পদক্ষেপের_দাবি_কামরুজ্জামানে'র
ভারতের পশ্চিমবঙ্গে ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান বিজেপি এমপি সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরের সাম্প্রতিক মন্তব্যকে তীব্র নিন্দনীয় বলে মন্তব্য করে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৯, ২০২২ ১২:৪৮ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গে ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান বিজেপি এমপি সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরের সাম্প্রতিক মন্তব্যকে তীব্র নিন্দনীয় বলে মন্তব্য করে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন।

তিনি আজ (বৃহস্পতিবার) রেডিও তেহরানকে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। মুহাম্মাদ কামরুজ্জামান একইসঙ্গে হিন্দুত্ববাদী বিজেপি’র কথিত ‘লাভ জিহাদ’কে ‘ভূতুড়ে প্রকল্প’ বলে কটাক্ষ করেছেন।    

মুহাম্মাদ কামরুজ্জামান বলেন, ‘ঘরে ঘরে অস্ত্র রাখার বিষয়ে বিজেপি এমপি সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর যে বক্তব্য রেখেছেন তা ভারতীয় আইনে অত্যন্ত নিন্দনীয়। আমি আশা করব যে, মহামান্য সর্বোচ্চ আদালত স্বতঃপ্রণোদিতভাবে ওই বক্তব্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করবে। এ ধরণের বক্তব্যের মধ্য দিয়ে যারা দেশের মধ্যে বিভাজন তৈরি করছে, যারা দেশে সংঘর্ষের পরিবেশ তৈরি করছে এবং সিভিল ওয়ার করার যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। যেহেতু শাসক দলের নেতা-নেত্রীরাই এ কাজ করছেন, সেজন্য শাসক কোনোভাবেই তারা কর্মীদের শাস্তি চাইবে না বা শাস্তির ব্যবস্থা করবে না। তাই আমরা আশা করব যে বিচার ব্যবস্থার প্রতি আমাদের যে আশা, প্রত্যাশা আছে ; মহামান্য সর্বোচ্চ আদালত স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করবে এবং সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’  

সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান

মুসলিমদের নিশানা করে বিজেপি কথিত ‘লাভ জিহাদ’ সম্পর্কে যে প্রচারণা চালায় সে সম্পর্কে মুহাম্মাদ কামরুজ্জামান আরও বলেন, ‘আসলে ‘লাভ জিহাদ’  একটা  ‘ভুয়ো ও ভূতুড়ে প্রকল্প’  যেটাকে সামনে রেখে বিজেপি উগ্রহিন্দু ভোট ব্যাঙ্ককে সংগঠিত করতে চাচ্ছে। ‘লাভ জিহাদ’ বলে ভারতে কিছু ঘটে না। এবং এ ধরণের পরিকল্পনা মুসলিমদের নেই। এ ধরণের পরিকল্পনার মধ্যে মুসলিমদের কোনো আস্থাও নেই, মুসলিমদের কোনো টার্গেটও নেই। কেউ যদি বিয়ে করে তাহলে ভারতীয় আইনে সকলের অধিকার আছে যে যারা প্রাপ্তবয়স্ক তারা তাদের যেকোনো পছন্দের প্রাপ্তবয়স্কা মেয়েকে সম্মতির ভিত্তিতে বিয়ে করতে পারে। ফলে এ ধরণের ভূতুড়ে বিষয়কে নিয়ে এসে যারা দেশে হিন্দু-মুসলিম সম্পর্ককে বিষিয়ে তুলতে চাচ্ছে তারা আসলে আমাদের দেশের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সাংবিধানিক ব্যবস্থা আছে সেটাকেই অপমান করছে’ বলেও মন্তব্য করেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান।    

গত (রোববার) বিজেপি এমপি প্রজ্ঞা সিং ঠাকুর কর্ণাটকে ‘হিন্দু জাগরণ বেদিক’ নামে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্গে যুক্ত এক সংগঠনের দক্ষিণাঞ্চলীয় শাখার বার্ষিক সভায় হিন্দুদের উদ্দেশ্যে বলেন,  ‘লাভ জিহাদকারীদের লাভ জিহাদের মতো জবাব দিন। নিজেদের মেয়েদের সুরক্ষিত রাখুন। আপনাদের ঘরে অস্ত্র রাখুন। যদি কিছু না থাকে, তা হলে অন্তত সবজি কাটার ছুরিতে শান দিন। স্পষ্ট বলছি। আমাদের ঘরেও সবজি কাটার চাকু ধারালো হওয়া প্রয়োজন। প্রত্যেকেরই আত্মরক্ষার অধিকার রয়েছে। যদি কেউ আমাদের ঘরে ঢুকে আক্রমণ করে, তাদের যোগ্য জবাব দেওয়ার অধিকার রয়েছে আমাদের।’    

তার এ ধরণের মন্তব্য প্রকাশ্যে আসার পরেই বিরোধীদল কংগ্রেস ও অন্যরা সোচ্চার হয়েছে। কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন বিষয়টি ঘৃণাত্মক বক্তব্যের সাথে সম্পর্কিত এবং এটি নিয়ে সুপ্রিম কোর্টেও যাবেন। প্রজ্ঞা ঠাকুর যা বলেছেন তা স্পষ্টতই ঘৃণাত্মক বক্তব্যের ঘটনা এবং তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্যের মামলা করা উচিত।

কর্ণাটকের শিবমোগা জেলা কংগ্রেস কমিটির সভাপতি এইচএস সুন্দরেশের অভিযোগের ভিত্তিতে অবশেষে গতকাল (বুধবার) বিজেপি এমপি প্রজ্ঞা সিং ঠাকুরের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত হয়েছে। তার বিরুদ্ধে ১৫৩-এ, ১৫৩-বি, ২৬৮, ২৯৫-এ, ২৯৮, ৫০৪ এবং ৫০৮ ধারায় মামলা করা হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/২৯