থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি বিজেপি বিধায়কের, ‘ওদের গ্রহণযোগ্যতা নেই’-বনমন্ত্রী
https://parstoday.ir/bn/news/india-i117904-থানা_জ্বালিয়ে_দেওয়ার_হুমকি_বিজেপি_বিধায়কের_ওদের_গ্রহণযোগ্যতা_নেই’_বনমন্ত্রী
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার পুলিশকে উচিত শিক্ষা দিতে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০১, ২০২৩ ১৩:৪২ Asia/Dhaka
  • থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি বিজেপি বিধায়কের, ‘ওদের গ্রহণযোগ্যতা নেই’-বনমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার পুলিশকে উচিত শিক্ষা দিতে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।

পশ্চিমবঙ্গের অশোক নগরে গতকাল (শনিবার) বিকেলে দলীয় এক সভায় বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন। পরবর্তীতে ওই ইস্যুতে এদিন রাতে অভিযুক্ত বিজেপি বিধায়কের বিরুদ্ধে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের পক্ষ থেকে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

এ প্রসঙ্গে আজ (রোববার) রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, ‘এটা হল বিজেপির কালচার, পশ্চিমবঙ্গে এদের প্রথম নেতা থেকে শেষ নেতা পর্যন্ত এই কালচার। ওদের ক্ষমতা কিচ্ছু নেই, মানুষের কাছে ওদের গ্রহণযোগ্যতা হারিয়ে গেছে। মানুষের কাছ থেকে ওরা দূরে সরে গেছে। গত পঞ্চায়েত নির্বাচনে যা  ফল হয়েছিল, তার থেকেও খারাপ ফল করবে এরা। এরা ‘মুখে মারিতং জগৎ’। করার কোনও ক্ষমতা নেই। পুলিশকে তুমি আক্রমণ করবে,  পুলিশের গাড়ি ভেঙে দেবে, পুলিশের থানা জ্বালিয়ে দেবে, আর পুলিশ চুপ করে বসে থাকবে- স্বপন বাবু জেনে রেখে দিন পুলিশ যা বোঝার বুঝিয়ে দেবে। আইন আইনের পথে চলবে, জেনে রেখে দিন।’

গত ২৭ ডিসেম্বর ভুরকুন্ডা পঞ্চায়েতের সামনে বিজেপির গ্রামীণ মণ্ডল সভাপতি দিলীপ বৈদ্যকে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বিজেপির  অভিযোগ- থানায় লিখিত অভিযোগ করা সত্ত্বেও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। ওই ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে এক সভায় বক্তব্য রাখার সময়ে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন,  ‘আইসি বা ওসি কে রয়েছে জানি না, যে এই কাজ করেছে, তাকে গ্রেফতার করে সাজা না দিলে আগামী দিনে আরও বৃহৎ আন্দোলন করে এই ‘ওসি’ যে   থানায় বসে সেখানে আগুন লাগাব। একটা থানায় আগুন লাগালে পশ্চিমবঙ্গের বাকিগুলো সোজা হবে।’ এর পর   প্রকাশ্যেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা  ‘ওসি’কে মারধরের কথা বলেন ওই বিজেপি বিধায়ক। তিনি বলেন, ‘তৃণমূল নেতাগুলো এখন যেমন গাছে বাধা  পড়ছেন, ওসিদের মারতে হবে। ‘ওসি’ আর ‘আইসি’গুলো প্রশিক্ষণ নিয়ে এসেছে কালীঘাট  থেকে, যে তোমার ‘চামচাগিরি  আমি করে দেবো।’ বিজেপি বিধায়কের এ ধরণের বক্তব্য প্রকাশ্যে আসার পরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন