মমতা ব্যানার্জিকে জেতালে ‘জাতীয় নাগরিক পঞ্জি’ আটকে দেওয়ার দায়িত্ব তৃণমূলের: অভিষেক
-
(ডানে)অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, মমতা ব্যানার্জিকে জেতালে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) আটকে দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের।
আজ (রোববার) তিনি মুর্শিদাবাদের সাগরদিঘি দিঘার মোড়ে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। সাগরদীঘি বিধানসভা কেন্দ্রে আগামী ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচনকে কেন্দ্র করে আজ দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে তিনি বিজেপির পাশাপাশি কংগ্রেস ও সিপিএমের তীব্র সমালোচনা করেন।
অভিষেক বলেন, ‘কংগ্রেসকে ভোট দেওয়া মানে সরাসরি ‘পদ্মফুল’কে (বিজেপির প্রতীক) সমর্থন করা। এবং ‘এনআরসি’ বাস্তবায়িত করতে এদের হাত শক্তিশালী করা। আর আপনি যদি তৃণমূলকে জেতান, দেবাশীস বন্দ্যোপাধ্যায় প্রার্থী নয়, প্রার্থীর নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে যদি জেতান তাহলে ‘এনআরসি’ আটকে দেওয়ার, ‘এনআরসি’কে আটকে রাখার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের, আমরা কথা দিয়েছি। কোনও মতেই আমরা একে বাস্তবায়িত করতে দেবো না।’
বিজেপিশাসিত গুজরাট ও অসমে ‘এনআরসি’ নিয়ে তৎপরতা চললেও কংগ্রেস কেন প্রতিবাদ করে না আজ সেই প্রশ্নে কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গুজরাটে কংগ্রেস ক্ষমতায় ছিল এতদিন, কংগ্রেসের সংগঠন আছে, সেখানে গ্যাজেট নোটিফিকেশন করে ‘এনআরসি’র কথা বলা হচ্ছে, কংগ্রেস কেন প্রতিবাদ করে না? অসমে কংগ্রেসের সংগঠন রয়েছে, ২৫টা বিধায়ক রয়েছে, সেখানে ১৭ লক্ষ লোককে ‘এনআরসি’ করে হিন্দু-মুসলিম-বাঙালি সবাইকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কেন একদিনের জন্য প্রতিবাদ করেনি অসমের মাটিতে? এখানে প্রত্যেকটা জেলায় আমরা আন্দোলন সংগঠিত করে মিছিল-মিটিং কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামীদিনেও দাঁড়াব।’
রাজ্যের তৃণমূল বিধায়ক ও মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে আগামী ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন হবে। ফল ঘোষণা হবে ২ মার্চ। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সাগরদিঘি ব্লকে ৬৪ শতাংশ মুসলিমের বাস। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে, বিজেপি প্রার্থী হয়েছেন দিলীপ সাহা, এবং কংগ্রেস প্রার্থী করেছে বায়রন বিশ্বাসকে। তাকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।