সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার আন্দোলন কোলকাতা থেকে গ্রামাঞ্চলেও ছড়িয়ে দেওয়ার ডাক
-
নওশাদ সিদ্দিকি
ভারতের পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা ‘আইএসএফ’-এর বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকি সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার আন্দোলন কোলকাতা থেকে গ্রামাঞ্চলেও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ (সোমবার) ‘আইএসএফ’ বিধায়ক নওশাদ সিদ্দিকি মহার্ঘ ভাতার দাবিতে সরকারি কর্মীদের আন্দোলনকে সমর্থন জানাতে কোলকাতার ধর্মতলার শহিদ মিনারের কাছে ধর্নামঞ্চে উপস্থিত হন। সেখানে আন্দোলনকারীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। এ সময়ে তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এরপর তিনি বলেন, এই আন্দোলন কোলকাতা থেকে ছড়িয়ে দিতে হবে বাংলার গ্রামাঞ্চলেও।
এ প্রসঙ্গে বিধায়ক ও ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকি আজ বলেন, ‘এখানে যারা আছেন সকলেই ভালো শিক্ষিত এবং প্রতিষ্ঠিত। ওদেরকে নতুন করে পরামর্শ দেওয়ার মতো কিছুই নেই। তবে বলব, আপনারা যথেষ্ট জ্ঞানীগুণী আছেন। আপনারা আন্দোলনটা আপনাদের জ্ঞান গরিমাকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ভাবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে নিয়ে চলুন। আজকে কোলকাতাতে এই আন্দোলনটা আছে। আগামীদিনে এটা প্রত্যন্ত গ্রামেও আন্দোলনটা ছড়িয়ে দিতে হবে। দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তুলতে মাস্টারমশাইসহ শিক্ষিত যারা আছেন, যারা সরকারি কর্মচারী আছেন ভালো জানেন’ বলেও মন্তব্য করেন ‘আইএসএফ’ বিধায়ক নওশাদ সিদ্দিকি।
পশ্চিমবঙ্গে বকেয়া মহার্ঘভাতা বা ‘ডিএ’-এ প্রদানের দাবিতে ৩৯ দিনে পড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন। অনশন করে একাধিক আন্দোলনকারীর অসুস্থতার খবর পাওয়া গেছে।
অন্যদিকে, ‘আইএসএফ’ বিধায়ক নওশাদ সিদ্দিকি ৪২ দিন জেল বন্দি হয়ে থাকার পর গত (শনিবার) মুক্তি পেয়ে তিনি আজই বিধানসভার অধিবেশনে যোগ দেন। সেখান থেকে বেরিয়ে তিনি মহার্ঘ ভাতার দাবিতে সরকারি কর্মীদের আন্দোলনকে সমর্থন জানাতে কোলকাতার ধর্মতলার শহিদ মিনারের কাছে ধর্নামঞ্চে উপস্থিত হন।
গত ২১ জানুয়ারি কোলকাতার ধর্মতলায় আইএসএফের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আইএসএফ কর্মীদের। এ সময়ে গ্রেফতার হন বিধায়ক নওশাদ সিদ্দিকি ও তার কর্মী-সমর্থকরা। নিম্ন আদালতে তারা জামিন পাননি। শেষমেশ কোলকাতা হাই কোর্টের নির্দেশে গ্রেফতারির ৪০ দিনের মাথায় তারা জামিন পান। এবং গত (শনিবার) তারা জেল থেকে মুক্তি পান। #
পার্সটুডে/ এমএএইচ/এমআরএইচ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।