রামনবমী উৎসবকে কেন্দ্র করে বিক্ষিপ্ত সহিংসতা
বিহারে অমিত শাহ'র কর্মসূচি বাতিল, রাজ্য সরকারের সমালোচনায় সোচ্চার সম্রাট
ভারতের বিহারে রামনবমী উৎসবের মিছিলকে কেন্দ্র করে কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত সহিংসতার ফলে উদ্ভূত পরিস্থিতিতে সাসারামে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র একটি কর্মসূচি বাতিল করা হয়েছে।
প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে সাসারামে অনুষ্ঠেয় সম্রাট অশোক জয়ন্তী উদযাপন বাতিলের বিষয়ে আজ (শনিবার) রাজ্য বিজেপি সভাপতি সম্রাট চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাজ্যপালের কাছে স্মারকলিপি দিয়েছে।
আগামীকাল (রোববার) সাসারামে সম্রাট অশোকের জন্মবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র ওই কর্মসূচিতে শামিল হওয়ার কথা ছিল কিন্তু শহরে ১৪৪ ধারা জারি হওয়ায় এবং ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হওয়ার কারণে বিজেপি অনুষ্ঠানটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অবশ্য নওয়াদায় আয়োজিত অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন। পাটনায় বিহার বিজেপির সভাপতি সম্রাট চৌধুরী আজ এ সংক্রান্ত ঘোষণা করেন।
রাজ্যে ক্ষমতাসীন নীতীশ কুমার সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সম্রাট অশোক আমাদের আরাধ্য। আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে অনুষ্ঠানটি আয়োজন করেছিলাম। কিন্তু দুঃখজনক যে বিহার সরকার রাজ্যের মানুষকে নিরাপত্তা দিতে পারে না। তিনি বলেন, যেখানে আমাদের কর্মসূচি ছিল সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র। এ জন্য তিনি পাটনায়ও আসছেন, কিন্তু ১৪৪ ধারা কার্যকরের কারণে আমাদের কর্মসূচি বাতিল করতে হয়েছে। আমাদের লোকজন আক্রান্ত হয়েছে, তারা নিরাপত্তা পাচ্ছে না। আমাদের কর্মসূচিতে নিরাপত্তা পাওয়া যাচ্ছে না।
রাজ্য বিজেপি সভাপতি অশোক চৌধুরী আরও বলেন, ‘সরকার যদি ১৪৪ ধারা জারি করে তাহলে আমরা কীভাবে অনুষ্ঠান পরিচালনা করতে পারি? সেজন্য আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আমরা অনুষ্ঠানটি বাতিল করব। কিন্তু আমরা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে স্পষ্ট করে দিতে চাই যে, সম্রাট অশোক আমাদের আরাধ্য ছিল, আছে এবং থাকবে।
রামনবমী উৎসবের মিছিলকে কেন্দ্র করে গতকাল (শুক্রবার) বিহারের রোহতাস, নালন্দা এবং অন্যত্র সহিংস সংঘর্ষ হয়। ওই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নালন্দা এবং সাসারামে ১৪৪ ধারা জারি করার পাশাপাশি ইন্টারনেট পরিসেবা বন্ধ রাখা হয়েছে। এ পর্যন্ত নালন্দা, সাসারাম এবং গয়া থেকে ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ নেতা নীতীশ কুমার বলেছেন, রামনবমী শোভাযাত্রার সময় যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা সতর্ক হয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি। দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ ইচ্ছাকৃতভাবে এটা করেছে। আমরা এ ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছি।
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির ফায়ারব্রান্ড নেতা গিরিরাজ সিং আজ বলেন, বিহার সরকার ইচ্ছাকৃতভাবে রামনবমীতে পাথর নিক্ষেপ করিয়েছে এবং তারপর ১৪৪ ধারা আরোপ করেছে যাতে শ্রী অমিত শাহ'র অনুষ্ঠান বাতিল করা যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র সাসারাম কর্মসূচি বাতিলের বিষয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আজ (শনিবার) বলেন, বিহারে প্রত্যেককে যথাযথ নিরাপত্তা দেওয়া হয়। কারো সাথে কোনো বৈষম্য নেই। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদি সাসারামে না যান, তাহলে নিশ্চয়ই তার নিজেস্ব কোনো কারণ আছে। অমিত শাহ কেন সাসারামে আসছেন তাও জানি না এবং এখন কেন আসছেন না সে বিষয়েও কোনো তথ্য নেই বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।#
পার্সটুডে/এমএএইচ/এমএআর/১