আমাদের গলা কেটে দিলেও, আমরা দিল্লির কাছে বশ্যতা স্বীকার করব না: অভিষেক
https://parstoday.ir/bn/news/india-i122866-আমাদের_গলা_কেটে_দিলেও_আমরা_দিল্লির_কাছে_বশ্যতা_স্বীকার_করব_না_অভিষেক
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপিকে নিশানা করে বলেছেন, ‘আমাদের গলা কেটে দিলেও, আমরা দিল্লির কাছে বশ্যতা স্বীকার করব না।’
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৬, ২০২৩ ১৪:২৪ Asia/Dhaka
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়
    অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপিকে নিশানা করে বলেছেন, ‘আমাদের গলা কেটে দিলেও, আমরা দিল্লির কাছে বশ্যতা স্বীকার করব না।’

তিনি আজ (শনিবার) পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রানীনগরে কাতলামারী মিলন সংঘ ফুটবল ময়দানে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃণমূল কংগ্রেস একমাত্র দল যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পিছপা হয়নি। আমাদের গলা কেটে দিলেও, মাথা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করব না, আমরা মাথানত করব না, আমরা মেরুদণ্ড বিক্রি করব না, আমরা দিল্লির কাছে বশ্যতা স্বীকার করব না।’   

অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী এমপিকে নিশানা করে বলেন, ‘মুর্শিদাবাদ জেলায় কত লোক একশো দিনের প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত, কিন্তু তাদের সবার টাকা বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার। কংগ্রেস দল কোনোদিন একটা চিঠি পর্যন্ত লেখেনি! একশো দিনের কাজের টাকা বন্ধ, মুর্শিদাবাদের মানুষ তাদের অসুবিধা হচ্ছে, বাংলায় ২ কোটি ৬৫ লাখ মানুষের জীবন জীবিকা নির্ভর করে একশো দিনের কাজ প্রকল্পের উপর। তাদের সবার টাকা বন্ধ করে রেখে দিয়েছে। কিন্তু সেজন্য কংগ্রেস নেতা অধীর চৌধুরী বা কংগ্রেসের কোনও নেতা একটা চিঠি  গত পাঁচ বছরে নরেন্দ্র মোদীকে লেখেনি! একটা বৈঠক করেনি। এতদিন ধরে মুর্শিদাবাদের বহরমপুরের এমপি।’

অভিষেক বলেন, ‘মুর্শিদাবাদ কংগ্রেসকে এতদিন ধরে এত কিছু দিয়েছে। আপনারা বলুন তো একদিনও এদেরকে রাস্তায় নামতে দেখেছেন? মানুষের দাবিদাওয়া নিয়ে দিল্লির বুকে কোনোদিন আন্দোলন সংগঠিত করতে দেখেছেন? কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি একশো দিনের কাজ এবং তার টাকা নরেন্দ্র মোদী গায়ের জোরে আটকে রাখতে পারবে না যদি মানুষ চায়। আপনার যদি ঐক্যবদ্ধ থাকেন। আর আগামীদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করতে চান,  তাহলে আজকে যে জনসভা আমরা রানীনগরে করছি কাল এর থেকেও বড় জনসভা আমরা দিল্লিতে করব মানুষের দাবিদাওয়া ছিনিয়ে আনতে।  মানুষ যদি চায় কোনও শক্তি আটকাতে পারবে না। কোনও নেতার ক্ষমতা নেই টাকা আটকে রাখার বলেও মন্তব্য করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৬  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।