মোদী কথা রাখেননি, রাজ্যের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার: অভিষেক
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের মুখে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেননি।
তিনি আজ (বুধবার) পশ্চিমবঙ্গের মহম্মদ বাজার ব্লকে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে এ সংক্রান্ত মন্তব্য করেন। অভিষেক বলেন, ‘নরেন্দ্র মোদী বলেছিল আমরা ক্ষমতায় এলে বছরে দু’কোটি বেকারের চাকরি হবে। কিন্তু হয়নি। বলেছিল ক্ষমতায় এলে ১৫ লাখ টাকা দেবো, কিন্তু কেউ পায়নি। বলেছিল কৃষকদের আয় তিনগুণ হবে, কিন্তু হয়নি। বলেছিল সবার মাথার উপর বাড়িতে ছাদ করে দেবো। কিন্তু বাংলার ১১ লাখ ৩৬ হাজার লোকের টাকা এরা আটকে রেখে দিয়েছে।’
অভিষেক বলেন, ‘একশো দিনের প্রকল্পের কাজের উপর যাদের জীবন জীবিকা নির্ভর করে, আপনারা শুনে রাখুন, বাংলা একমাত্র রাজ্য যার টাকা নরেন্দ্র মোদীর সরকার বন্ধ করে দিয়েছে। ২০২১ সালে বিজেপি বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পরে যেভাবে বিমাতৃসুলভ আচরণ, যেভাবে বাংলার মানুষের উপর ধারাবাহিক ইচ্ছাকৃভাবে লাঞ্ছনা তারা করছে এবং ধারাবাহিকতা বজায় রেখেছে তার বিরুদ্ধে আমরা আগামীদিনে এই বীরভূম জেলা বা পশ্চিমবঙ্গ নয়, দিল্লির বুকে প্রয়োজনে একটা বৃহত্তর আন্দোলন সংগঠিত করব।’
তিনি বলেন, ‘এক শ' দিনের প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার গায়ের জোরে আটকে রেখেছে, আবাসন প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। বাংলা একমাত্র রাজ্য যার টাকা কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদী সরকার আটকে রেখেছে।’#
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৩