ভারতের সাবেক প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানির মামলা
https://parstoday.ir/bn/news/india-i123066-ভারতের_সাবেক_প্রধান_বিচারপতি_রঞ্জন_গগৈয়ের_বিরুদ্ধে_১_কোটি_টাকার_মানহানির_মামলা
ভারতের সাবেক প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন একজন সমাজকর্মী ও অসম ভিত্তিক একটি এনজিওর কর্মকর্তা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১১, ২০২৩ ১৪:৫৬ Asia/Dhaka
  • ভারতের সাবেক প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানির মামলা

ভারতের সাবেক প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন একজন সমাজকর্মী ও অসম ভিত্তিক একটি এনজিওর কর্মকর্তা।

জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) প্রসঙ্গে তার আত্মজীবনীতে কিছু ভুল ও মানহানিকর কথা বলা হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে। এই আবেদনে আত্মজীবনীর প্রকাশককেও অভিযুক্ত করা হয়েছে। আবেদনকারী সাবেক প্রধান বিচারপতি এবং তার প্রকাশককে এ ধরনের বই প্রকাশ, বিতরণ বা বিক্রি থেকে বিরত রাখার অন্তর্বর্তী নিষেধাজ্ঞা চেয়েছেন।

সাবেক প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে মামলা করেছেন অভিজিৎ শর্মা নামে এক সমাজকর্মী। আবেদনকারী অভিজিৎ শর্মা গুয়াহাটির কামরুপ (মেট্রো) জেলা ও সিভিল জজ আদালতে গগৈয়ের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। এর পাশাপাশি তিনি সাবেক গগৈয়ের আত্মজীবনী 'জাস্টিস ফর দ্য জজ'-এর ওপর নিষেধাজ্ঞার দাবিও করেছেন।

অসম পাবলিক ওয়ার্কস এনজিও সংস্থার সভাপতি অভিজিৎ শর্মা রাজ্যে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সোচ্চার হয়েছেন। অসম পাবলিক ওয়ার্কস (এপিডব্লিউ)-এর সভাপতি অভিজিৎ শর্মাই প্রথম ভোটার তালিকা থেকে অবৈধ অভিবাসীদের নাম বাদ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। তিনি এর আগে অসমে ১৯৫১ সালের এনআরসি আপডেট করার জন্য সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন। এছাড়াও মামলা বিচারাধীন থাকাকালীন, হাইকোর্টের তত্ত্বাবধানে ২০১৫ সালে অসমে এনআরসি প্রক্রিয়া শুরু হয়েছিল।

অভিজিৎ শর্মা তার আবেদনে আদালতকে বলেন, অবসর নেওয়ার পরে, সাবেক প্রধান বিচারপতি এনআরসি সমন্বয়কারী প্রতীক হাজেলাকে অপসারণ এবং মধ্য প্রদেশে তার স্থানান্তর সম্পর্কে কিছু ভুল জিনিস লিখেছেন। এছাড়া তা মানহানিকর প্রকৃতির। তিনি আরও বলেন, এ ছাড়া বইটিতে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করা হয়েছে। যা স্বাভাবিকভাবে মিথ্যা ও বিদ্বেষপূর্ণ। তাকে বদনাম করার সুস্পষ্ট উদ্দেশ্য নিয়েই এসব করা হয়েছে বলেও আদালতে দাবি জানানো হয়েছে। আগামী ৩ জুন মামলার পরবর্তী শুনানি হবে।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১১