পশ্চিমবঙ্গে বাজি কারখানায় বিস্ফোরণে হতাহত ১২, সিআইডি তদন্ত শুরু   
https://parstoday.ir/bn/news/india-i123254-পশ্চিমবঙ্গে_বাজি_কারখানায়_বিস্ফোরণে_হতাহত_১২_সিআইডি_তদন্ত_শুরু
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ৫ জন নিহত ও ৭ জন গুরুতর আহত হয়েছে।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
মে ১৬, ২০২৩ ১৭:২৯ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে বাজি কারখানায় বিস্ফোরণে হতাহত ১২, সিআইডি তদন্ত শুরু   

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ৫ জন নিহত ও ৭ জন গুরুতর আহত হয়েছে।

আজ (মঙ্গলবার) ওই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দমকলের থেকেও রিপোর্ট নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, হঠাৎ তীব্র বিস্ফোরণের আওয়াজ শোনা যায় গ্রামে। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে, ঘটনাস্থল থেকে কিছুটা দূরে গ্রামের রাস্তায় ছিন্নভিন্ন লাশের টুকরো ছড়িয়ে পড়ে।

মেদিনীপুরের পুলিশ সুপার প্রাথমিকভাবে জানান, উড়িষ্যা সীমানা থেকে ২০ কিলোমিটার দূরে একটা বাড়িতে বিস্ফোরণ হয়েছে। সেখানে বাজি তৈরি হচ্ছিল।  এদিকে, ওই ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থাকে (এনআইএ) দিয়ে তদন্ত করানোর দাবি তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ওই ঘটনার তদন্ত করবে সিআইডি। কিন্তু এনআইএ তদন্তে আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে অবিলম্বে আমরা বিষয়টা তদন্তের জন্য সিআইডিকে দিয়েছি। সিআইডি তদন্ত করে রিপোর্ট দেবে। ফায়ার ব্রিগেডের কাছ থেকেও আমরা রিপোর্ট নেবো। তদন্তের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। পুলিশের এসপি নিজে ঘটনাস্থলে গিয়েছিল। ওটা ‘বিজেপির পঞ্চায়েত’ এলাকা বলে আমাদের (তৃণমূল) বিধায়ককে ঘটনাস্থলে যেতে বাধা দেওয়া হয়েছে। কিন্তু তারা আশেপাশেই আছে।’ 

তিনি আরও বলেন, ‘একটা মজার জিনিস দেখছি। একটা ঘটনা ঘটলে যে কেউ যেতে পারে। যেটা তোমার এলাকা সেখানে তুমি আমাদের লোককে ঢুকতে দেবে না! এই গায়ের জোরটা কেন হবে?’ এটা বেআইনি বাজি কারখানা ছিল বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। 

এগরার বিধায়ক তরুণ মাইতি বলেন, ‘ওখানে বাজি কারখানা ছিল বলে খবর পেয়েছি। পুলিশ আগেই তল্লাশি করে বন্ধ করেছিল। তার পরেও লুকিয়ে কারখানা চলছিল। প্রশাসনকে কঠোরভাবে দমন করতে বলব। কীভাবে এই ঘটনা ঘটল তা খোঁজ নিয়ে দেখছি’বলেও জানান বিধায়ক তরুণ মাইতি।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১৬