রাষ্ট্রপতি কর্তৃক নয়া সংসদ ভবন উদ্বোধনের জন্য সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা
ভারতে রাষ্ট্রপতি কর্তৃক নয়া সংসদ ভবন উদ্বোধনের জন্য সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছে।
এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি দেশের প্রথম নাগরিক। সংবিধানের ৭৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদেরও অপরিহার্য অঙ্গ। লোকসভা সচিবালয় তাকে দিয়ে উদ্বোধন না করার যে সিদ্ধান্ত নিয়েছে তা ভুল। আদালতে আবেদনকারী তামিলনাড়ুর বাসিন্দা সিআর জয়াসুকিন, পেশায় একজন আইনজীবী।তার আবেদনে বলা হয়েছে, দেশের সাংবিধানিক প্রধান হওয়ায় রাষ্ট্রপতিই প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন। সব প্রধান সিদ্ধান্তও রাষ্ট্রপতির নামেই নেওয়া হয়।
এদিকে, নয়া সংসদ ভবন উদ্বোধন প্রসঙ্গে আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘বিপুল পরিমাণ টাকা খরচা করে, ভারতের অর্থনীতিতে এখন ওই বিলাসিতার জায়গা নেই। এটা হতে পারে না। (হিন্দুত্ববাদী তাত্ত্বিক নেতা) সাভারকরের জন্মদিনে উদ্বোধন! কেন কীসের জন্য? সংসদ ভবন কেন মহামান্য রাষ্ট্রপতি উদ্বোধন করবেন না? তাকে আমন্ত্রণ পর্যন্ত করা হয়নি!’
অন্যদিকে, ওই ইস্যুতে সুপ্রিম কোর্টে করা জনস্বার্থ মামলার আবেদনে বলা হয়েছে, ৮৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিই সংসদের অধিবেশন ডাকেন। ৮৭ অনুচ্ছেদ অনুযায়ী সংসদে তার একটি ভাষণ রয়েছে, যেখানে তিনি সংসদের উভয় কক্ষে (লোকসভা ও রাজ্যসভা) ভাষণ দেন। সংসদে পাস হওয়া সব বিলই রাষ্ট্রপতির অনুমোদনের পরই আইনে পরিণত হয়। সেজন্য সংসদের নয়া ভবন রাষ্ট্রপতিরই উদ্বোধন করা উচিত।
আবেদনকারী বলেছেন, ১৮ মে সংসদ ভবন উদ্বোধনের জন্য লোকসভা সচিবালয় যে আমন্ত্রণপত্র জারি করেছে তা অসাংবিধানিক। রাষ্ট্রপতির দ্বারা উদ্বোধনের জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিক। বর্তমানে সুপ্রিম কোর্টে অবকাশকালীন বেঞ্চ বসেছে। এমন পরিস্থিতিতে, আবেদনকারী আগামীকাল সেখানে তাদের মতামত তুলে ধরার চেষ্টা করতে পারেন।
আগামী ২৮ মে নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে আমন্ত্রণ পাননি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরফলে সেই অনুষ্ঠান বয়কট করেছে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগসহ ১৯টি দল। তারা ওই ইস্যুতে যৌথ বিবৃতিও দিয়েছে। এ বার সুপ্রিম কোর্টে এ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী সিআর জয়া সুকিন। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানিয়ে কেন্দ্রীয় সরকার সংবিধান অবমাননা করেছে বলে জানিয়েছেন আইনজীবী সিআর জয়াসুকিন। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।