বাংলায় বিজেপি হেরে যাওয়ায় বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার: অভিষেক
https://parstoday.ir/bn/news/india-i123608-বাংলায়_বিজেপি_হেরে_যাওয়ায়_বিভিন্ন_প্রকল্পের_টাকা_বন্ধ_করেছে_কেন্দ্রীয়_সরকার_অভিষেক
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, বাংলায় বিজেপি হেরে যাওয়ায় বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৫, ২০২৩ ১৪:১৯ Asia/Dhaka
  • বাংলায় বিজেপি হেরে যাওয়ায় বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার: অভিষেক

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, বাংলায় বিজেপি হেরে যাওয়ায় বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার।

তিনি আজ (বৃহস্পতিবার) বিকেলে পুরুলিয়ার হুটমুড়া ময়দানে তৃণমূলে নব জোয়ার কর্মসূচি উপলক্ষে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।  কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে অভিষেক বলেন,  ‘আজকে একশো দিনের কাজ প্রকল্পের টাকা বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, তার কারণ বিজেপি বাংলায় হোঁচট খেয়েছে, হেরেছে। সেই কারণে এরা বাংলার প্রাপ্য টাকা বন্ধ করে রেখে দিয়েছে।’

অভিষেক উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের কাছে বাংলার বকেয়া পাওনা কত? বাংলার আজকের দিনে বকেয়া পাওনা হচ্ছে এক লাখ পনের হাজার কোটি টাকা। এই এক লাখ পনের হাজার কোটি টাকা আপনাদের টাকা, খেটে খাওয়া মানুষের টাকা। মোদীজি রিমোট কন্ট্রোল চেপে বন্ধ করে রেখে দিয়েছে আমাদের টাকা। আপনারা কী চান দিল্লিতে গিয়ে বহিরাগত নেতাদের পায়ে ধরে টাকা আদায় করি? তা না হলে বাংলা থেকে মানুষকে সংগঠিত করে আগামীদিনে দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে আমাদের অধিকারের টাকা ছিনিয়ে আসব।’

তিনি বলেন, ‘পুরুলিয়া জেলায় ১২ লাখ লোক রয়েছে যারা জব কার্ড ধারক যাদের জীবন জীবিকা একশো দিনের কাজ প্রকল্পের উপর নির্ভর করে। এদের সবার টাকা বন্ধ করে রেখে দিয়েছে কেন্দ্রীয় সরকার। পুরুলিয়া থেকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ৬ লাখ চিঠি লিখে আমাকে দিন। পুরুলিয়া থেকে ২ লাখ মানুষ যদি ঠিক করে আমরা দিল্লির বুকে যাব কোনও নেতার ক্ষমতা নেই যে আপনার টাকা আটকে রাখবে।’

‘তৃণমূলের নব জোয়ার কর্মসূচি শেষ হলে আমরা দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, এই লড়াইকে সর্বাত্মক করার দায় দায়িত্ব আমার এবং প্রয়োজনে দিল্লিতে অবস্থান-বিক্ষোভে বসবো’ বলেও মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৫                 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।