গত ৯ বছরে দেশবাসী মূদ্রাস্ফীতি, বেকারত্ব ও দুর্নীতির তাণ্ডব দেখেছে : কংগ্রেস
-
সুপ্রিয়া শ্রীনতে
ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় বিজেপি সরকারের ৯ বছর পূর্তি সম্পর্কে প্রধান বিরোধী দল কংগ্রেস বলেছে, গত ৯ বছরে দেশবাসী মূদ্রাস্ফীতি, বেকারত্ব ও দুর্নীতির তাণ্ডব দেখেছে।
আজ (শুক্রবার) কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনতে ওই মন্তব্য করেছেন। কেন্দ্রীয় সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে কংগ্রেস নেতারা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন।
কংগ্রেস নেতা পবন খেরা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেন, ‘আজ আসলে প্রধানমন্ত্রীর ‘ক্ষমা প্রার্থনা দিবস’ পালন করা উচিত। প্রত্যেক ভারতবাসীর সঙ্গে যে বিশ্বাসঘাতকতা হয়েছে, সেজন্য তিনি ক্ষমা প্রার্থনা করুন। উনি গত ৯ বছরে যেসব কথা ইশতেহার, প্রতিশ্রুতি, বক্তৃতা এবং ‘মন কী বাত’-এ (মনের কথা) বলেছেন সবই কাল্পনিক ছিল! বাস্তবতার সঙ্গে তার দূরতম সম্পর্কও ছিল না! আমার ও আপনার জীবনে এর কোনোই প্রভাব পড়েনি।’
কেন্দ্রে মোদী সরকারের ৯ বছর পূর্ণ হওয়ায় মোদী সরকারকে ৯টি প্রশ্ন করেছে কংগ্রেস।
আজ একটি সংবাদ সম্মেলনে কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশ একটি পুস্তিকা প্রকাশ করে বলেছেন, ‘আমাদের দল প্রধানমন্ত্রী মোদীকে নয়টি প্রশ্ন জিজ্ঞাসা করছে, আমরা জানতে চাই এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নীরবতা কখন ভাঙবেন?’
কংগ্রেসের বিভিন্ন প্রশ্নের মধ্যে রয়েছে- দেশে মূদ্রাস্ফীতি ও বেকারত্ব আকাশচুম্বী কেন? কেন আপনি আপনার বন্ধুদের কাছে সরকারী সম্পত্তি বিক্রি করছেন? কৃষকদের আয় দ্বিগুণ হল না কেন? কেন কৃষকদের জন্য এমএসপি (ন্যূনতম সমর্থন মূল্য) আইন করা হল না? ‘এলআইসি’ এবং ‘এসবিআই’তে জমা সাধারণ মানুষের জমা টাকা কেন আদানির সুবিধার জন্য ব্যবহার করা হয়েছে? আদানির কোম্পানিতে কার ২০ হাজার কোটি টাকা আছে? প্রধানমন্ত্রী উত্তর দেন না কেন?’
কংগ্রেসের আরও প্রশ্ন- ‘প্রধানমন্ত্রী চীনকে ‘লাল চোখ’ দেখানোর কথা বলেছিলেন, তিনি কেন ২০২০ সালে চীনকে ক্লিন চিট দিয়েছিলেন?যখন তারা আজও আমাদের জমি দখল করে বসে আছে? কেন নির্বাচনী লাভের জন্য ইচ্ছাকৃতভাবে বিভাজনের রাজনীতিকে ইন্ধন দেওয়া হচ্ছে এবং সমাজে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে? নারী, দলিত, এসসি, এসটি, ওবিসি ও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিষয়ে প্রধানমন্ত্রী নীরব কেন? কেন তিনি জাতি শুমারির দাবি উপেক্ষা করছেন? কেন প্রতিহিংসার মনোভাব নিয়ে বিরোধী দল ও নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে? জনগণের ভোটে নির্বাচিত বিরোধী দলের অনেক সরকারের কেন পতন ঘটানো হলো? গত ৯ বছরে সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কেন দুর্বল করা হলো’ প্রশ্ন কংগ্রেসের।
‘মোদী সরকারের দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের উচিত 'ব্যর্থতার উৎসব' উদযাপন করা’ বলে মন্তব্য করেছেন কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনতে। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।