ভারতে বিরোধী নেতা ও সাংবাদিকদের ওপর সরকারের গোপন নজরদারির অভিযোগ
https://parstoday.ir/bn/news/india-i130118-ভারতে_বিরোধী_নেতা_ও_সাংবাদিকদের_ওপর_সরকারের_গোপন_নজরদারির_অভিযোগ
ভারতে বিরোধী দলীয় একাধিক এমপি ও নেতা-নেত্রীর ফোন হ্যাক করার চেষ্টার অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিরোধীরা ওই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের জবাব চেয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ৩১, ২০২৩ ১৫:২৮ Asia/Dhaka
  • ভারতে বিরোধী নেতা ও সাংবাদিকদের ওপর সরকারের গোপন নজরদারির অভিযোগ

ভারতে বিরোধী দলীয় একাধিক এমপি ও নেতা-নেত্রীর ফোন হ্যাক করার চেষ্টার অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিরোধীরা ওই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের জবাব চেয়েছেন।

অন্যদিকে, কেন্দ্রীয় সরকার ওই অভিযোগ অস্বীকার করে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে।  

আজ (মঙ্গলবার) সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, ‘আইফোন’ নির্মাতা সংস্থা অ্যাপেল ই-মেল করে সতর্কবার্তা পাঠিয়েছে। সরকারি স্তর থেকে নজরদারি চলছে বলে জানানো হয়েছে সতর্কবার্তায়। ইয়েচুরি বলেছেন, ‘মোদী সরকারকে কেন বিরোধী নেতা এবং সাংবাদিকদের ওপর গোপন নজরদারি চালাতে হচ্ছে তা জানাতে হবে। সংবিধান অনুযায়ী ব্যক্তিস্বাতন্ত্র্য মৌলিক অধিকার। এই গোপন নজরদারি কেবল বিরোধী নেতাদের ওপর নয়, গণতন্ত্রের ওপর আক্রমণ। সরকারকে এর ব্যাখ্যা দিতে হবে।’

 তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র, কংগ্রেস নেতা পবন খেরা, শশী থারুর, সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব, আম আদমি পার্টির (আপ) নেতা রাঘব চাড্ডা, ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দফতরে যুক্ত অন্যরাও অ্যাপলের কাছ থেকে এই সতর্কবার্তা পেয়েছেন বলে জানা গেছে।

বিরোধী নেতাদের অভিযোগ- সরকার তাদের ফোন হ্যাক করার চেষ্টা করছে। তারা সোমবার গভীর রাতে বা মঙ্গলবার সকালে তাদের ফোন এবং ইমেলগুলোতে পাওয়া বার্তাগুলির স্ক্রিনশট সংযুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেছেন।তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র এমপি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, ‘কেন্দ্রীয় সরকার আমার ফোন ও ইমেইল হ্যাক করার চেষ্টা করছে। অ্যাপেল থেকে সেই সতর্কবার্তা পেয়েছি। আপনাদের ভয় দেখে আমার করুণা হচ্ছে।'

জানা গেছে অ্যাপেলের পাঠানো বার্তায় বলা হয়েছে, 'রাষ্ট্র-পরিচালিত হ্যাকারেরা আপনার আইফোনকে হয়তো টার্গেট করেছে। অ্যাপেল আইডির সঙ্গে আপনার যে আইফোনটি যুক্ত করা আছে, সেটি হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। আপনি কে, কী করেন সম্ভবত এ সব দেখে হ্যাকারেরা নির্দিষ্ট করে আপনাকেই টার্গেট করেছে। এই রাষ্ট্র-পরিচালিত হ্যাকারেরা যদি আপনার আইফোনে এক বার ঢুকতে পারে, তাহলে তারা আপনার ব্যক্তিগত তথ্য, কথোপকথন এমনকি ক্যামেরা এবং মাইক্রোফোনের অ্যাক্সেসও ওদের হাতে চলে যাবে। তাই দয়া করে এই সতর্কবার্তাকে উপেক্ষা করবেন না। ' 

 কংগ্রেস নেতা শশী থারুর কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীর দফতরকে নিশানা করে বলেছেন, ‘সরকারের বেকার কর্মীদের আমার মতো করদাতার জন্য ব্যস্ত রাখতে পেরে ভালো লাগছে।’ প্রধানমন্ত্রীর দফতরকে উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘এর চেয়ে জরুরি কাজ আর পেলেন না?’অন্যদিকে, আজ কেন্দ্রীয় সরকার অ্যাপল আইফোন হ্যাকিংয়ের বিরোধীদের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাফাইতে বলেছেন, অভিযোগের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের কিছু সমালোচক আছেন যারা সবসময় মিথ্যা অভিযোগ করে থাকেন। তারা দেশের উন্নতি চায় না। অ্যাপল ১৫০টি দেশে পরামর্শ জারি করেছে। অনুমানের ভিত্তিতে অ্যাপল বার্তা পাঠিয়েছে বলেও মন্তব্য করেছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। #

এমএএইচ/৩১ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।