আমাদের আদর্শের লড়াই চলবে: রাহুল
ভারতে ৩ রাজ্যে বিজেপির ১টিতে কংগ্রেসের বিজয়ে নেতৃবৃন্দের প্রতিক্রিয়া
ভারতে চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বেসরকারি ফলে প্রকাশ- রাজস্থান, মধ্য প্রদেশ এবং ছত্তিশগড়ে ক্ষমতায় আসতে চলেছে হিন্দুত্ববাদী বিজেপি। অন্যদিকে, প্রধান বিরোধী দল কংগ্রেস তেলেঙ্গানায় ক্ষমতায় আসতে চলেছে।
রাজস্থান ও ছত্তিশগড়ে এতদিন ক্ষমতায় ছিল কংগ্রেস। মধ্য প্রদেশ ছিল বিজেপির দখলে। অন্যদিকে, তেলেঙ্গানায় ক্ষমতাসীন ছিল বিআরএস দল। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ফল প্রকাশের প্রবণতায় দেখা যাচ্ছে মধ্য প্রদেশে ২৩০ আসনের মধ্যে বিজেপি ৮২টিতে জয়ী এবং ৮১টিতে এগিয়ে রয়েছে। এবং কংগ্রেস ২০ টিতে জয়ী এবং ৪৬ আসনে এগিয়ে রয়েছে। রাজস্থানে ১৯৯ আসনের মধ্যে বিজেপি ৯৯ টিতে জয়ী এবং ১৬ আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস ৫৭ আসনে জয়ী এবং ১২ আসনে এগিয়ে রয়েছে। ৯০ আসন সমন্বিত ছত্তিশগড়ে বিজেপি ১৮ আসনে জয়ী এবং ৩৬টিতে এগিয়ে রয়েছে। এবং কংগ্রেস ১০ আসনে জয়ী এবং ২৬ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, ১১৯ আসন সমন্বিত তেলেঙ্গানায় কংগ্রেস দল ৪২টিতে জয়ী এবং ২২টিতে এগিয়ে রয়েছে। বিআরএস ১৮টিতে জয়ী এবং ২১টিতে এগিয়ে রয়েছে। বিজেপি ৪টিতে জয়ী এবং ৪ আসনে এগিয়ে রয়েছে। মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন বা ‘মিম’-এর ২ প্রার্থী জয়ী এবং ৫ প্রার্থী এগিয়ে রয়েছেন।
কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন, আমরা বিনীতভাবে মধ্য প্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানের ম্যান্ডেট মেনে নিচ্ছি- আমাদের আদর্শের লড়াই চলবে। একইসঙ্গে তিনি তেলেঙ্গানায় কংগ্রেসের জয়ের জন্য সেখানকার নেতা-কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এক বার্তায় তেলেঙ্গানায় কংগ্রেসের জয় সম্পর্কে বলেছেন, তেলেঙ্গানার মানুষ ইতিহাস সৃষ্টি করেছে এবং কংগ্রেস পার্টির পক্ষে ম্যান্ডেট দিয়েছে। এটা তেলেঙ্গানার মানুষের জয়। এটা রাজ্যের জনগণ এবং কংগ্রেস দলের প্রতিটি কর্মীর বিজয়।
এদিকে, কংগ্রেসের বিপর্যয় প্রসঙ্গে দলটির সিনিয়র নেতা আচার্য প্রমোদ কৃষ্ণমের বলেছেন, সনাতন ধর্মের বিরোধিতা দলকে ডুবিয়ে দিয়েছে। জাতিশুমারি ইস্যুতে তিনি বলেন, ভারত কখনই বর্ণভিত্তিক রাজনীতিকে মেনে নেয়নি। সনাতন ধর্মের বিরোধিতা করার জন্য কংগ্রেস অভিশপ্ত হয়েছে। এটা কংগ্রেসের পরাজয় নয়, এটা বামেদের পরাজয়।
তেলেঙ্গানায় বিআরএস নেতা কেটিআর দলের পরাজয় স্বীকার করে কংগ্রেসকে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন। আজ বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ‘বিআরএসকে পর পর দু’বার সুযোগ দেওয়ার জন্য আমি তেলঙ্গানার মানুষের প্রতি কৃতজ্ঞ। এই ফলাফল দেখে আমি দুঃখ পাইনি, তবে হতাশ হয়েছি। এই হার থেকে আমরা শিক্ষা নেবো এবং ফিরে আসব। জয়ের জন্য কংগ্রেসকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।’
পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বিজেপির জয়কে কংগ্রেসের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, মধ্য প্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিজেপির জয় বিজেপির সাফল্য নয়, এটা কংগ্রেসের ব্যর্থতা। কংগ্রেসের যে দুর্বলতা, যে সাংগঠনিক ব্যর্থতার কথা আমরা বারবার বলছিলাম, এটা কংগ্রেসের সেই সাংগঠনিক দুর্বলতা ও ব্যর্থতা। বিজেপির জয় নয়, এটা কংগ্রেসের ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
পার্সটুডে/এমএএইচ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।