কেন্দ্রীয় সরকার গণতন্ত্রের শ্বাসরোধ করেছে : সোনিয়া গান্ধী
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেত্রী সোনিয়া গান্ধী সংসদ থেকে বিরোধী দলের এমপিদের সাসপেন্ড করার বিষয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন।
আজ (বুধবার) কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে তিনি বলেন, সরকার গণতন্ত্রের শ্বাসরোধ করেছে। কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, 'এর আগে কখনও এত বিরোধী এমপিকে হাউস থেকে সাসপেন্ড করা হয়নি, এবং তাও একেবারে ন্যায্য ও বৈধ দাবি তোলার জন্য। ১৩ ডিসেম্বরের ঘটনা (সংসদের নিরাপত্তা ত্রুটি) নিয়ে লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি চেয়েছিলেন বিরোধী এমপিরা। কিন্তু এই অনুরোধের বিষয়ে যে ঔদ্ধত্যের আচরণ করা হয়েছিল তা বর্ণনা করার মতো কোনও শব্দ নেই।
প্রসঙ্গত, সংসদের নিরাপত্তা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে সংসদে তোলপাড় সৃষ্টি করায় গত ১৪ ডিসেম্বর থেকে এপর্যন্ত ১৪৩ জন বিরোধী এমপিকে সাসপেন্ড করা হয়েছে। গতকাল পর্যন্ত এই সংখ্যা ছিল ১৪১। আজ আরও দুই বিরোধী দলীয় এমপিকে সাসপেন্ড করা হয়েছে।
গত ১৩ ডিসেম্বর সংসদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া প্রসঙ্গে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী আরও বলেন, '১৩ ডিসেম্বর যা হয়েছে তা ক্ষমার অযোগ্য। এটাকে সমর্থন করা যায় না। প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে বিবৃতি দিতে এবং ঘটনার বিষয়ে তার মত প্রকাশ করতে চার দিন সময় লেগেছিল এবং তিনি সংসদের বাইরে তা করেছিলেন। এতে করে তিনি আমাদের দেশের জনগণ ও সংসদের মর্যাদার প্রতি তার অবজ্ঞার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। আজ বিজেপি যদি বিরোধী দলে থাকতো তাহলে কেমন প্রতিক্রিয়া দিত তা ভাবুন।’
প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর সংসদের নিম্নকক্ষ লোকসভায় দর্শক আসন থেকে আচমকা ঝাঁপ দেন দুই যুবক। এরপর তারা একের পর এক বেঞ্চ টপকে স্পিকারের দিকে এগোনোর চেষ্টা করেন এবং স্প্রেয়ারের সাহায্যে তাদের জুতোর মধ্যে থাকা হলুদ ধোঁয়া ছড়িয়ে দেন। ওই ঘটনায় দেশজুড়ে তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছে। বিরোধীরা এ ব্যাপারে সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনায় সোচ্চার হয়েছে।
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী আজ কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, ‘সংবিধানের ওপর হামলা চলছে, অর্থনৈতিক বৈষম্য বাড়ছে, অর্থনৈতিক উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর দাবি ও বাস্তবতার মধ্যে বিরাট ব্যবধান রয়েছে। বেকারত্ব ও মূল্যস্ফীতির বিষয়টিও উল্লেখ করে এই বিষয়গুলো জনগণের মধ্যে নিয়ে যাওয়া জরুরি’ বলেও মন্তব্য করেন কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধী। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।