সংসদ থেকে সাসপেন্ড হওয়া বিরোধী এমপিদের সংখ্যা বেড়ে ১৪৬, দিল্লিতে প্রতিবাদ মিছিল
https://parstoday.ir/bn/news/india-i132378-সংসদ_থেকে_সাসপেন্ড_হওয়া_বিরোধী_এমপিদের_সংখ্যা_বেড়ে_১৪৬_দিল্লিতে_প্রতিবাদ_মিছিল
ভারতীয় সংসদের উভয় কক্ষ (রাজ্যসভা ও লোকসভা) থেকে প্রায় ১৫০ জন বিরোধী দলের এমপিকে সাসপেন্ড করার প্রতিবাদে বিরোধী এমপিরা দিল্লিতে প্রতিবাদ মিছিল করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২১, ২০২৩ ১৪:৫০ Asia/Dhaka
  • সংসদ থেকে সাসপেন্ড হওয়া বিরোধী এমপিদের সংখ্যা বেড়ে ১৪৬, দিল্লিতে প্রতিবাদ মিছিল

ভারতীয় সংসদের উভয় কক্ষ (রাজ্যসভা ও লোকসভা) থেকে প্রায় ১৫০ জন বিরোধী দলের এমপিকে সাসপেন্ড করার প্রতিবাদে বিরোধী এমপিরা দিল্লিতে প্রতিবাদ মিছিল করেছেন।

আজ (বৃহস্পতিবার) সংসদ ভবন থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিলটি বিজয় চকে গিয়ে শেষ হয়। রাজ্যসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে বিরোধী এমপিরা এতে শামিল হয়েছিলেন। এ সময় বিরোধী দলীয় এমপিদের হাতে একটি ব্যানার ছিল যাতে লেখা ছিল 'গণতন্ত্র বাঁচাও'। 

সংসদে হট্টগোল সৃষ্টি করা এবং সঠিক আচরণ না করার অভিযোগে গতকাল পর্যন্ত  সাসপেন্ড হওয়া বিরোধী এমপির সংখ্যা ছিল ১৪৩। আজ সংসদের নিম্নকক্ষ লোকসভা থেকে আরও ৩ বিরোধী এমপিকে সাসপেন্ড করায় ওই সংখ্যা ১৪৬ জনে পৌঁছেছে। প্রসঙ্গত, সংসদের নিরাপত্তা ত্রুটি ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে  সংসদে তোলপাড় সৃষ্টি করায় গত ১৪ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ১৪৬ জন বিরোধী এমপিকে সাসপেন্ড করা হয়েছে। এদিকে, আজ লোকসভার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেছে। ৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশন আগামীকাল শুক্রবার পর্যন্ত চলার কথা ছিল।  

আজ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদ সম্পর্কিত বিষয়ে হাউসের বাইরে কথা বলছেন, যা বিশেষাধিকার লঙ্ঘনের সমান। তিনি বলেন, আমাদের প্রতিবাদ সাসপেনশনের বিরুদ্ধে। সরকার এবং মোদীজি চান না সংসদের অধিবেশন চলুক। আমরা লোকসভায় সংসদের নিরাপত্তা লঙ্ঘন সম্পর্কিত প্রসঙ্গটি উত্থাপন করতে চেয়েছিলাম, কেন এটি ঘটল, কীভাবে এটি ঘটল এবং এ জন্য কারা দায়ী? আমরা চেয়েছিলাম সরকার এ বিষয়ে সংসদকে বলুক। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী উভয়েই সংসদে আসেননি। সংসদে যা বলার কথা, তা তারা বাইরে বলছেন। তিনি বলেন, এমপিদের সাসপেন্ডের বিষয়ে আগামীকাল (শুক্রবার) দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ প্রদর্শন করা হবে।

আজ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেন, এই সরকার সব কিছু উপেক্ষা করে সংখ্যাগরিষ্ঠের জোরে তার ইচ্ছা বাস্তবায়ন করছে। তারা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে কাজ করছে এবং আমরা এর বিরুদ্ধে আওয়াজ তুলব বলেও মন্তব্য করেন অধীর রঞ্জন চৌধুরী এমপি। #  

পার্সটুডে/এমএএইচ/এমএআর/২১      

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।