পশ্চিমবঙ্গে লুটের রাজত্ব চলছে, কয়লা থেকে বালি সব লুট হচ্ছে: মুহাম্মদ সেলিম
-
মুহাম্মদ সেলিম
পশ্চিমবঙ্গে সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিম রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করে রাজ্যে লুটের রাজত্ব চলছে বলে মন্তব্য করেছেন। একইসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়ের নাম না করে তাকে লুটতন্ত্রের সাম্রাজ্ঞী বলে কটাক্ষ করেছেন।
সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিম আজ (শনিবার) রাজ্য সচিবালয় নবান্নের কাছে সংগ্রামী যৌথ মঞ্চের সভায় বক্তব্য রাখার সময়ে এসংক্রান্ত মন্তব্য করেন। সমস্ত বকেয়া মহার্ঘভাতা প্রদানসহ একাধিক দাবিতে মাঠে নেমেছে সংগ্রামী যৌথ মঞ্চ। মহার্ঘভাতায় বঞ্চনার প্রতিকারে সরকারি কর্মী ও শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের পক্ষ থেকে সংগ্রামী যৌথ মঞ্চে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। তারা কোলকাতার শহীদ মিনার চত্বরে তিনশো দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন। মঞ্চে রয়েছেন সরকারি কর্মী ও শিক্ষক-অশিক্ষক কর্মীরা। এবার তারা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে রাজ্য সচিবালয় নবান্নের কাছে ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর তিন দিনের ধর্না-অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
ওই ইস্যুতে আজ ধর্না-মঞ্চে উপস্থিত হয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে সিপিএম নেতা মুহাম্মদ সেলিম বলেন, ‘রাজ্যে লুটের রাজত্ব চলছে। নদীর বালি থেকে কয়লা থেকে, জঙ্গলের কাঠ থেকে সব লুট হচ্ছে। এসময়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়ের নাম না করে আরও বলেন, ‘এই লুটতন্ত্রের সাম্রাজ্ঞী ১৪ তলার উপরে বসে তিনি তামাশা দেখছেন! আপনাদের এই ধর্না এটা প্রমাণ করে দিচ্ছে, তিনি (মুখ্যমন্ত্রী) শান্তিতে ১৪ তলার উপরে বসে খুব বেশিদিন আর খেল তামাশা দেখতে পারবেন না। এই খেল-তামাশা বন্ধ হওয়া দরকার’ বলে মন্তব্য করেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিম। তিনি এদিন সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন দাবিকে সমর্থন করে প্রয়োজনে নবান্নের ১৪ তলায় (মুখ্যমন্ত্রীর কার্যালয়) তালা লাগাতে হবে বলেও মন্তব্য করেছেন।#
পার্সটুডে/এমএএইচ/এআরএইচ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।